রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক, দু’জনকে শেষবারের মতো সতর্ক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

‘বিগ বস বাংলা’-র ঘরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কখনও প্রতিযোগীদের মধ্যে ঝামেলা, কখনও বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা—সব মিলিয়ে জমজমাট শো। তবে এবার আলোচনার কেন্দ্রে রাজবীর দে এবং নন্দিনী দত্তের সম্পর্ক। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, উইকেন্ডের বিশেষ পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় দু’জনকেই কড়া ভাষায় সতর্ক করেছেন।

সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োগুলিতে রাজবীর ও নন্দিনীকে ক্যামেরার সামনেই ঘনিষ্ঠ হতে এবং চুম্বন করতে দেখা গিয়েছে বলে দাবি। তাঁদের এই আচরণ ঘিরে দর্শকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। একটি পারিবারিক বিনোদনমূলক অনুষ্ঠানে এমন দৃশ্য কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

শনিবারের ‘দাদার দরবার’ পর্বে এই প্রসঙ্গেই রাজবীর ও নন্দিনীকে সতর্ক করেন সৌরভ। সঞ্চালকের বক্তব্য, তাঁদের মধ্যে বন্ধুত্ব ও রোম্যান্সের বিষয়টি দর্শক দেখেছেন এবং পছন্দও করেছেন। সেই কারণে এতদিন পর্যন্ত শোয়ের পারিবারিক চরিত্রের কথা ভেবে তিনি বিষয়টি নিয়ে বেশি কিছু বলেননি। কিন্তু এবার তাঁরা সীমা অতিক্রম করছেন বলেই মনে করছেন সৌরভ। রাজবীর ও নন্দিনীকে উদ্দেশ্য করে সৌরভ স্পষ্ট ভাষায় জানান, তাঁদের আচরণ পরিবর্তন না হলে বিগ বস কর্তৃপক্ষকে তাঁদের শোয়ে থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে হতে পারে। সৌরভের কথায়, “ফাইনাল ওয়ার্নিং রাজবীর আর নন্দিনীকে। তোমরা যেরকম আচরণ করছ, বিগ বসকে বলতে বাধ্য হতে হবে যে, তোমরা এই শো ডিজার্ভই করো না।”

এর পরেই তাঁদের সম্পর্কের প্রসঙ্গ টেনে সঞ্চালক বলেন, তাঁদের মধ্যে একটি বন্ধন ছিল এবং তাঁদের রোম্যান্স দর্শক দেখেছেন, পছন্দও করেছেন। কিন্তু সেই আচরণ এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। শুধু নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা নয়, রাজবীরের আগ্রাসী আচরণ নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন সৌরভ। জীতু কমলের সঙ্গে রাজবীরের তুমুল বচসা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

জীতু রাজবীরের বয়স নিয়ে কটাক্ষ করে বলেন, তাঁর বরং পুতুল নিয়ে খেলা উচিত। এই মন্তব্যের পরেই দু’জনের মধ্যে উত্তেজনা বাড়ে। শুরু হয় ধাক্কাধাক্কি। বাড়ির অন্য প্রতিযোগীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা সহজে কমেনি। এর পাশাপাশি খাবার নষ্ট করা এবং জীতুকে অসম্মান করার অভিযোগও উঠেছে রাজবীরের বিরুদ্ধে। সব মিলিয়ে তাঁর আচরণ নিয়ে বিগ বসের ঘরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

রাজবীরের আচরণ নিয়ে আলোচনা করতে গিয়ে সৌরভের বক্তব্যে উঠে আসে নন্দিনীর প্রসঙ্গও। সঞ্চালকের মতে, রাজবীর নিজের বিবেচনাবোধ কাজে লাগানোর পরিবর্তে নন্দিনীর কথায় বেশি প্রভাবিত হচ্ছেন। তাঁর ধারণা, এই কারণেই বাড়ির অন্য প্রতিযোগীদের সঙ্গে রাজবীরের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে।

অন্যদিকে, নন্দিনী নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও সৌরভের অসন্তোষ এড়াতে পারেননি বলে ওই পর্বে দেখা গিয়েছে।

‘নিমন্ত্রণ করতে হয় না, মানুষ এমনিই আসে’, বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে অকপট অপরাজিতা আঢ্য
‘নিমন্ত্রণ করতে হয় না, মানুষ এমনিই আসে’, বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে অকপট অপরাজিতা আঢ্য

সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’-র ঘরে রাজবীর ও নন্দিনীকে ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। একদিকে তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে দর্শকদের প্রশ্ন, অন্যদিকে সহ-প্রতিযোগীদের সঙ্গে রাজবীরের সংঘাত। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির পর দু’জন নিজেদের আচরণে পরিবর্তন আনেন কি না, এখন সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক