Dev: সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত একটি বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা দেব (Dev)। জানিয়ে দিলেন এই সংস্কৃতি বাংলার নয়। বিদ্বেষের সংস্কৃতি করতে শেখেনি বাংলা। তাই এই ধরনের অপপ্রচার অনতিবিলম্বে বন্ধ করা উচিত এবং তিনি নতুন সরকারের ওপরও সেই বিশ্বাস রেখেছেন।
হয়তো অনেকেই জানেন বাংলা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব জয়লাভের পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও উঠে আসছে। দেবের এমন একটি ভিডিও ঘুরপাক খাচ্ছিলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যায় তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন ‘চোর চোর’ বলে স্লোগান দেওয়া হয়।
তবে সেটি মোটেই আসল ভিডিও নয়। সেটা বিকৃত করে পোস্ট করা হয়েছে। সেই বিষয়ে একটি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে লিখেছেন, ‘বাংলা কখনও বিদ্বেষের সংস্কৃতি শেখায়নি। গত কয়েকদিন ধরে আমার কিছু বিকৃত ও এডিটেড ভিডিও ছড়ানো হচ্ছে। আমি সকলের কাছে অনুরোধ করবো, দয়া করে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিওতে বিশ্বাস করবেন না, এগুলো শেয়ারও করবেন না।
ইচ্ছাকৃত অপপ্রচার ও চরিত্রহনন কখনও বাংলার সংস্কৃতি নয়।
আমার পূর্ণ বিশ্বাস আছে নতুন সরকারের উপর যে তারা এই ধরনের অপপ্রচার ও বিভাজন বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাংলা সবসময় সৌহার্দ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্মানের জায়গা ছিল, ভবিষ্যতেও তাই থাকবে।’
একইসাথে সেই আসল ভিডিওটি পোস্ট করেছেন। যেখানে তিনি ভোটের প্রচারের আগে পৌঁছেছিলেন। সকল অনুরাগীরা তার এক ঝলক দেখার জন্য চিৎকার করছিলেন। কেউ তাকে ‘চোর চোর বলে’ সম্বোধন করেননি।

Sudeshna has been writing entertainment reports since 2021.