টলিউডের পাশাপাশি বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। এবার প্রথমবারের জন্য তাঁকে দেখা গেল জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে। আর সেখানেই টোটাকে নিয়ে দেবের এক প্রশ্ন ঘিরে তৈরি হল বিশেষ মুহূর্ত।
নতুন এপিসোডে মেরুন রঙের পঞ্জাবি পরে একেবারে বাঙালি সাজে হাজির হন টোটা। তাঁকে সামনে পেয়ে দেব জানতে চান, একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা কেমন? উত্তরে টোটা জানান, বাংলা ইন্ডাস্ট্রির কাজের মান নিয়ে তিনি যথেষ্ট গর্বিত। টোটা বলেন, তাঁর উপলব্ধি হয়েছে যে অনেক ক্ষেত্রেই বাঙালি ইন্ডাস্ট্রি এগিয়ে রয়েছে। সীমিত সময় এবং তুলনামূলক কম রিসোর্সের মধ্যেও বাংলা ইন্ডাস্ট্রি যে ধরনের ভালো কাজ করতে পারে, তা অন্য অনেক ইন্ডাস্ট্রিতে দেখা যায় না বলেই মত অভিনেতার। তাঁর কথায়, প্রয়োজনীয় রিসোর্স হাতে পেলে বাংলা ইন্ডাস্ট্রি এমন পর্যায়ের ছবি তৈরি করতে পারে, যা অন্যরা কল্পনাও করতে পারে না।
এরপরই টোটাকে কার্যত অপ্রিয় একটি প্রশ্ন করে বসেন দেব। অভিনেতার উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘এমন একটা সময়ে তোমায় সম্মান দিচ্ছে, কখনও রাগ হয় না? প্রশ্ন আসে না, এতটা সময় লেগে গেল টলিউডের তোমাকে সম্মান জানাতে?’’ দেবের এই প্রশ্নের কী উত্তর দেন টোটা, তা জানতে অবশ্য এপিসোডটি সম্প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অভিনয় জীবন শুরু ‘আলোর একফালি’ দিয়ে
১৯৯৬ সালে তরুণ মজুমদারের ‘আলোর একফালি’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন টোটা রায় চৌধুরী। পরবর্তীতে ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ ছবিতে মহেন্দ্র চরিত্রে অভিনয় করে বড়সড় পরিচিতি পান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঐশ্বর্যা রাই বচ্চনের মতো তারকার সঙ্গে কাজ করেও নিজের অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন টোটা। বাংলা দর্শকের কাছে ফেলুদা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পাশাপাশি বলিউডে ‘কাহানি ২’, ‘হেলিকপ্টার ইলা’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র মতো ছবিতেও অভিনয় করেছেন। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের রোহিত সেন চরিত্র তাঁকে আরও বেশি করে ঘরে ঘরে পরিচিত করে তোলে।
এবার সেই টোটাকেই দেখা গেল ‘দাদাগিরি’-র মঞ্চে। এই বিশেষ এপিসোডে টোটার পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তথাগত মুখোপাধ্যায়ও।
দেবের সঞ্চালনায় নতুন মাত্রা ‘দাদাগিরি’-তে
দীর্ঘদিন ‘দাদাগিরি’-র সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর পর দেব দায়িত্ব নেওয়ার পর শোয়ের সঞ্চালনা নিয়ে নানা আলোচনা হয়েছিল। তবে সময়ের সঙ্গে দর্শকদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন দেব। পরিচালক অভিজিৎ সেনও এর আগে জানিয়েছিলেন, দেবকে সঞ্চালক হিসেবে বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল তাঁর মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা। তাঁর মতে, দেব এমন একজন, যিনি মানুষকে আপন করে নিতে পারেন এবং সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারেন।
বর্তমানে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হয় ‘দাদাগিরি’। এবার টোটা রায় চৌধুরীর উপস্থিতি এবং দেবের সেই প্রশ্ন ঘিরে নতুন এপিসোডটি নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.