জন্মদিনের আনন্দ মুহূর্তেই বদলে গেল উদ্বেগে। বিশিষ্ট পরিচালক সুদেষ্ণা রায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এমনকি পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তেও রাখতে হয়। পরিচালক নিজেই আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, খাবারের বিষক্রিয়া থেকেই এই শারীরিক সমস্যা শুরু হয়।
জানা গিয়েছে, কয়েক দিন আগে সপরিবার শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলেন সুদেষ্ণা। সেখানেই খাবার খাওয়ার পর শরীর খারাপ হতে শুরু করে। তিনি জানান, অন্য সবাই যা খেয়েছেন তিনিও তাই খেয়েছিলেন এবং কোনও পার্টিতেও যোগ দেননি, ফলে সংক্রমণের বিষয়টি প্রথমে বোঝা যায়নি। ২২ ডিসেম্বর কলকাতায় ফেরার পর থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
প্রথমে বাড়িতেই ওষুধ খেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। তবে অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, তাঁর ক্রিয়েটিনিনের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় দ্রুত আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
রবিবার, অর্থাৎ নিজের জন্মদিনেই আইসিইউ থেকে তাঁকে অন্য ওয়ার্ডে সরানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। সুদেষ্ণা নিজেই জানিয়েছেন, আরও এক-দু’দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। সব কিছু ঠিক থাকলে তারপর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া যাবে।
পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগী ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.