আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজ, পড়াশোনা, যোগাযোগ কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই মোবাইল ফোনের ব্যবহার দ্রুত বেড়েছে। কিন্তু অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে শরীরে যে নানা সমস্যা তৈরি হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই বহু গবেষণা হয়েছে। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে আরও এক চমকে দেওয়া তথ্য—অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার দাঁতের জন্যও মারাত্মক ক্ষতিকর হতে পারে।
গবেষকদের মতে, যারা সারাদিন স্মার্টফোন ব্যবহার করেন বা দীর্ঘ সময় ধরে মোবাইল স্ক্রল করতে থাকেন, তাদের মধ্যে ঘুমের সময় দাঁতে দাঁত ঘষার প্রবণতা বেড়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে ব্রুক্সিজম (Bruxism) বলা হয়। এর ফলে দাঁতের উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে দাঁতের উপরের সুরক্ষামূলক স্তর বা এনামেল ক্ষয় হতে শুরু করে। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দাঁত দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।
এই সমস্যার পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শারীরিক কারণ। যখন আমরা দীর্ঘ সময় ধরে মাথা নিচু করে স্মার্টফোন ব্যবহার করি, তখন ঘাড়ের উপর অস্বাভাবিক চাপ পড়ে। গবেষণা বলছে, এই অবস্থায় ঘাড়ে প্রায় ২৭ কেজি ওজনের সমান চাপ পড়তে পারে। এর ফলে ঘাড় ও চোয়ালের স্বাভাবিক অবস্থান পরিবর্তিত হতে পারে এবং চোয়ালে ব্যথা বা অস্বস্তি দেখা দেয়। অনেক ক্ষেত্রে দাঁতের বিন্যাসও নষ্ট হয়ে যেতে পারে।
ইসরায়েলের তেল আভিভের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘ সময় স্মার্টফোনে ব্যস্ত থাকেন তাদের মধ্যে মানসিক চাপের মাত্রাও বেশি থাকে। এই মানসিক চাপ ঘুমের সময় দাঁতে দাঁত ঘষার প্রবণতা বাড়িয়ে দেয়। ফলে চোয়ালে চাপ পড়ে এবং দাঁতের ক্ষতি দ্রুত বাড়তে থাকে।
এখানেই কিন্তু সমস্যা শেষ নয়। গবেষণায় আরও জানা গেছে, দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করলে মুখে লালা নিঃসরণও কমে যেতে পারে। লালা দাঁত ও মাড়িকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লালা কমে গেলে দাঁতে ব্যাকটেরিয়া জমতে পারে এবং ক্যাভিটি, মাড়ির সংক্রমণসহ একাধিক দাঁতের রোগের ঝুঁকি বাড়ে।
অন্যদিকে স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো শরীরে মেলাটোনিন হরমোনের উৎপাদনও কমিয়ে দেয়। এই হরমোন আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। মেলাটোনিন কমে গেলে ঘুমের সমস্যা, মানসিক চাপ এবং শরীরের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে।
তাই বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা থেকে বাঁচতে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। ফোন ব্যবহার করার সময় চেষ্টা করুন সেটিকে চোখের সমান্তরালে ধরে রাখতে, যাতে ঘাড়ে অতিরিক্ত চাপ না পড়ে। একটানা দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং মাঝেমধ্যে বিরতি নিন। পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল পান করলে মুখে লালা নিঃসরণ স্বাভাবিক থাকে, যা দাঁতের স্বাস্থ্যের জন্য উপকারী।
ডিজিটাল যুগে স্মার্টফোন পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব নয়। তবে সচেতন ব্যবহারই পারে এই প্রযুক্তির সুবিধা উপভোগ করার পাশাপাশি শরীর ও দাঁতের সুস্থতা বজায় রাখতে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.