Recipe: বর্ষাকালে গরম গরম খিচুড়ি খেতে কার না ভাল লাগে! তবে খিচুড়ির সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা কিংবা মাছ ভাজার ঝক্কি সব সময় পোহাতে ইচ্ছে করে না। এমন সময়ে খিচুড়ির সঙ্গে রাখতে পারেন ঝাল-টক চিংড়ির আচার। অল্প কিছু উপকরণেই বাড়িতে তৈরি করা যায় এই মুখরোচক আচার। খিচুড়ির সঙ্গে তো বটেই, ভাতের সঙ্গেও বেশ জমবে।
চিংড়ির আচার বানাতে কী কী লাগবে?
*আধ কেজি চিংড়ি
*১ কাপ ভিনিগার
*২০০ গ্রাম আদা
*২০০ গ্রাম রসুন
*১০০ গ্রাম লঙ্কাগুঁড়ো
*২৫০ মিলিলিটার তিলের তেল
*স্বাদমতো নুন
*২ চা-চামচ মেথি দানা
কী ভাবে বানাবেন?
প্রথমে চিংড়ি ভাল করে পরিষ্কার করে নিন। এর পর চিংড়ির সঙ্গে নুন, ২ চা-চামচ লঙ্কাগুঁড়ো এবং ২ চা-চামচ ভিনিগার মাখিয়ে প্রায় এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
এ দিকে শুকনো কড়াইয়ে মেথি দানা হালকা করে ভেজে নিন। ঠান্ডা হলে মিক্সারে দিয়ে গুঁড়ো করে রাখুন। এক কাপ ভিনিগারও আলাদা করে গরম করে ফুটিয়ে নিন।
এ বার কড়াইয়ে তিলের তেল গরম করুন। চিংড়িগুলি মেরিনেড থেকে তুলে ভাল করে ভেজে নিন। তার পর ওই তেলেই সরু করে কাটা আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। আদা খানিকটা ভাজা হলে রসুন দিয়ে দু’টি উপকরণ একসঙ্গে নেড়ে নিন।
এর পর লঙ্কাগুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিন। এবার ভেজে রাখা চিংড়ি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। স্বাদমতো নুন, ফুটিয়ে রাখা ভিনিগার এবং ভেজে গুঁড়ো করা মেথি দিয়ে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন।
তৈরি হয়ে গেল ঝাল-টক চিংড়ির আচার। পুরোপুরি ঠান্ডা হলে পরিষ্কার, শুকনো কাচের শিশিতে ভরে রাখুন। বর্ষার দিনে গরম খিচুড়ির সঙ্গে এই আচার পরিবেশন করলে ভাজাভুজির প্রয়োজনই পড়বে না।
Recipe: হাতে তুললেই হাড় থেকে ঝরে পড়বে মাংস! ৫ টোটকায় বিরিয়ানির মাংস হবে নরম তুলতুলে
টিপস: আচার সংরক্ষণের ক্ষেত্রে কাচের শিশি অবশ্যই পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো হওয়া জরুরি। চামচ ব্যবহার করার সময়ও শুকনো চামচ ব্যবহার করুন।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.