তাঁর কৌতুক দর্শকদের যেমন হাসির খোরাক জোগায়, তেমনই বিতর্কও যেন পিছু ছাড়ে না কৌতুকশিল্পী কপিল শর্মার। বলিউডের তারকাদের প্রিয় মুখ হলেও, সাধারণ দর্শকের একাংশের ক্ষোভের মুখে বারবার পড়তে হয়েছে তাঁকে। নতুন বছরের শুরুতেই ফের বিতর্কে জড়াল জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’।
সম্প্রতি সমাজমাধ্যমে একাধিক দর্শক কপিল শর্মার অনুষ্ঠানের শুটিং সামনে বসে দেখার ইচ্ছা প্রকাশ করেন। বিশেষ করে এক জন অনুরাগী লেখেন, তাঁর মা দীর্ঘদিন ধরেই কপিলের অনুষ্ঠান লাইভ দেখতে চান। কীভাবে শুটিংয়ে উপস্থিত হওয়া সম্ভব—এই প্রশ্নের উত্তরে কপিল জানান, ইনস্টাগ্রামে তাঁর টিমের সঙ্গে যোগাযোগ করলেই হবে।
কিন্তু এই উত্তরই যেন আগুনে ঘি ঢালে। কপিলের মন্তব্যের পরেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন বহু অনুরাগী। অভিযোগ ওঠে, এর আগেও অনেকে দর্শক হিসেবে অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁদের কাছে নাকি বিপুল অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। এক জন মন্তব্য করেন, “আমার থেকে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছিল।” আর এক জন লেখেন, “আপনার শো-তে যেতে গেলে কত টাকা লাগে, সেটা পরিষ্কার করে বলুন।”
কিছু অনুরাগীর দাবি, জনসংযোগ ঠিক রাখতে এমন উত্তর দিলেও বাস্তবে সাধারণ মানুষের জন্য বিষয়টি সহজ নয়। দর্শক হিসেবে শো-তে ঢোকার নির্দিষ্ট কোনও পদ্ধতি বা সরকারি নির্দেশিকা নেই বলেই অভিযোগ। যদিও এই সমস্ত মন্তব্যের কোনওটিতেই সরাসরি প্রতিক্রিয়া দেননি কপিল শর্মা।
ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—আসলেই কি ‘কপিল শর্মা শো’-এর শুটিং দেখতে গেলে হাজার হাজার টাকা দিতে হয়? নাকি এটি শুধুই মধ্যস্থতাকারীদের কারসাজি? স্পষ্ট উত্তর না মেলায় অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা ও ক্ষোভ দুটোই ক্রমশ বাড়ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.