প্রচণ্ড গরম আর আর্দ্র আবহাওয়ায় ভারী ও মশলাদার খাবারের প্রতি অনীহা তৈরি হওয়া খুব স্বাভাবিক। তবু বাঙালির খাবারের তালিকায় মাছ-মাংস বা ডিম না থাকলে যেন খাওয়াই অসম্পূর্ণ লাগে। প্রতিদিন হালকা ঝোল বা স্টু খেতে খেতে একঘেয়েমিও চলে আসে। এমন সময়ে ভিন্ন স্বাদের অথচ সহজপাচ্য একটি পদ হতে পারে সেদ্ধ চিকেন ভর্তা।
এই পদে কষানো মাংসের ঝামেলা নেই। কম মশলা ও হালকা উপকরণে তৈরি হওয়ায় এটি যেমন সুস্বাদু, তেমনই গরমের দিনে আরামদায়ক খাবার হিসেবেও জনপ্রিয় হতে পারে। দুপুরের ভাত কিংবা রাতের হালকা খাবারের সঙ্গে এই ভর্তা দারুণ মানিয়ে যায়।
কী কী লাগবে
*২৫০ গ্রাম মুরগির মাংস
*১-২ টেবিল চামচ সর্ষের তেল
*২টি মাঝারি পেঁয়াজ কুচি
*আধ ইঞ্চি আদা
*৩-৪ কোয়া রসুন
*১টি লেবুপাতা
*১ ইঞ্চি দারচিনি
*৩টি লবঙ্গ
*১টি এলাচ
*১টি শুকনো লঙ্কা
*২-৩টি কাঁচালঙ্কা
*১-২ চা চামচ জিরেগ
*স্বাদমতো নুন
কীভাবে তৈরি করবেন
প্রথমে প্রেশার কুকারে মুরগির মাংসের সঙ্গে আদা, রসুন, লেবুপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং পরিমাণমতো নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাংস সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে আলাদা করে রাখুন।
এরপর একটি শুকনো কড়াইয়ে তেল ছাড়া জিরেগুঁড়ো হালকা ভেজে নিন। এতে মশলার গন্ধ আরও সুন্দর হবে। অন্যদিকে সামান্য সর্ষের তেলে পেঁয়াজকুচি ও শুকনো লঙ্কা ভেজে নরম করে নিন।
সেদ্ধ মাংস ঠান্ডা হলে হাতে হাড় থেকে আলাদা করে ঝুরঝুরে করে নিতে হবে। চাইলে মিক্সার ব্যবহার করা গেলেও হাতে মাখলে স্বাদ আরও ভালো আসে। এরপর মাংসের সঙ্গে ভাজা পেঁয়াজে, কাঁচালঙ্কা ও ভাজা জিরেগুঁড়ো মিশিয়ে নিন। প্রয়োজন হলে অল্প কাঁচা সর্ষের তেল যোগ করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ভর্তা।
গরম ভাতের সঙ্গে এই হালকা ঝালঝাল ভর্তা খেতে যেমন সুস্বাদু, তেমনই গরমের দিনে পেটের উপরও বাড়তি চাপ ফেলে না। কম মশলায় তৈরি এই পদ সহজেই হয়ে উঠতে পারে গ্রীষ্মের দুপুর বা রাতের পছন্দের খাবার।