চলতি বছরের জানুয়ারিতে শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। বিয়ের পর এখন নতুন সংসার নিয়ে ব্যস্ত টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি নতুন বাড়িতে গৃহপ্রবেশের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। আর এবার স্বামী দেবমাল্যর সঙ্গে প্রথম দুর্গাপুজো। তাই এবারের শারদোৎসব মধুমিতার কাছে যে বিশেষ, তা তাঁর পরিকল্পনাতেই স্পষ্ট।
বিয়ের পর প্রথম পুজো ঘিরে ইতিমধ্যেই একগুচ্ছ পরিকল্পনা করে ফেলেছেন অভিনেত্রী। হাউসপার্টি থেকে শুরু করে প্যান্ডেল হপিং, আবাসনের পুজোয় অংশ নেওয়া—সবই রয়েছে তাঁর তালিকায়। মধুমিতা জানিয়েছেন, এবারের পুজোয় তাঁদের বাড়িতেই গেট টুগেদারের আয়োজন হবে। বন্ধু-বান্ধব ও অতিথিদের আপ্যায়নের দায়িত্ব সামলাবেন তিনি এবং দেবমাল্য। পাশাপাশি পুজোর জন্য নতুন বাড়িটিকে সুন্দর করে সাজানোরও ইচ্ছে রয়েছে তাঁদের।
পুজোর সাজ নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। মধুমিতা জানিয়েছেন, বিয়েতে পাওয়া অনেক শাড়িই এখনও নতুন রয়েছে। পাশাপাশি দুই বাড়ির মায়েদের শাড়িও রয়েছে তাঁর সংগ্রহে। তাই এবারের পুজোয় নিজের জন্য নতুন পোশাক কেনার বদলে সেই শাড়িগুলিই পরতে চান তিনি। অন্যদিকে দেবমাল্যকে পাঞ্জাবি, টি-শার্ট-সহ নানা ধরনের পোশাকে দেখা যাবে।
শুধু বাড়ির পুজো নয়, যে আবাসনে নতুন ফ্ল্যাট কিনেছেন, সেখানকার দুর্গাপুজোর সঙ্গেও যুক্ত থাকবেন মধুমিতা। পুজোর বিভিন্ন কাজে হাত লাগানোর পাশাপাশি দেবমাল্যর সঙ্গে প্যান্ডেল হপিংও করবেন তিনি। নবদম্পতি হিসেবে উৎসবের আমেজ চুটিয়ে উপভোগ করতে চান দু’জনেই।
অষ্টমীর দিন স্বামীর সঙ্গে অঞ্জলি দেওয়ার পরিকল্পনাও রয়েছে মধুমিতার। তবে এবারের পুজোয় তাঁর সবচেয়ে বেশি উৎসাহ সিঁদুর খেলা নিয়ে। বিয়ের পর প্রথম দুর্গাপুজো হওয়ায় সিঁদুর খেলাকে ঘিরে ভীষণই উত্তেজিত অভিনেত্রী।
পুজোর আনন্দ মানেই বাঙালির কাছে জমিয়ে খাওয়া-দাওয়া। মধুমিতাও উৎসবের দিনগুলিতে খাবার নিয়ে কোনও কড়া নিয়ম রাখতে চান না। তাঁর কথায়, পুজোর সময়ে তিনি কখনও ডায়েট করেন না। সারা বছর তুলনামূলক কম খাওয়ার কারণে চাইলেও অবশ্য খুব বেশি খেতে পারেন না। সব মিলিয়ে, কাজের ব্যস্ততার মাঝেও স্বামী দেবমাল্যর সঙ্গে বিয়ের পর প্রথম দুর্গাপুজোকে স্মরণীয় করে তুলতে প্রস্তুত মধুমিতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.