Mimi: পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের জয়কে নিজের জয় বলে মনে করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। যদিও তিনি একসময় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজনৈতিক জীবন কাটিয়েছেন এবং তারই পৃষ্ঠপোষকতা করেছেন দীর্ঘদিন। তবে এবার তার গলাতেই উল্টো সুর।
আরজিকর কাণ্ডে যে বর্বরতার দৃশ্য মানুষ দেখেছিল তা আজও ভুলতে পারেনি কেউ। রাস্তায় নেমেছিলেন রাজ্যের বর্ণ, ধর্ম নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ। তবে সঠিক বিচার পায়নি অভয়া। তার বিচারের লড়াইয়ে ২০২৬ বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভায় বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন মা রত্না দেবনাথ।
বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তার জয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়া স্টোরিতে দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সাথে লিখেছেন, ‘এই জয়টা ব্যক্তিগত মনে হচ্ছে। কোনো জয়ই তোমার ক্ষতি পূরণ করতে পারে না।’ তবে তার এই স্টোরি দেখার পর সমালোচনায় মেতে উঠেছেন সোশ্যাল মিডিয়াবাসী।
কারণ, সকলেই জানেন এই অভিনেত্রী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন এবং মমতা ব্যানার্জির প্রশংসায় রীতিমত পঞ্চমুখ ছিলেন তিনি। তাই এবার রত্না দেবনাথের হয়ে কথা বলায় তাকে কটাক্ষ করতে ছাড়েননি সকলে। এছাড়াও বিভিন্ন মন্তব্য করেছেন তার কেরিয়ার নিয়ে।
অন্যদিকে তার বিশেষ বন্ধু অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জীও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন দীর্ঘদিন শাসক দলের হয়ে মঞ্চে ওঠার সুযোগ থাকলেও এবং বাড়তি উপার্জন করার সুযোগ পেলেও তিনি সেটিকে কাজে লাগাননি। তাই তিনি আশা করছেন আগামী দিনেও যেন সৎ ভাবে কাজ করতে পারেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.