সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপক চর্চায় বিগ বস বাংলার প্রতিযোগী নন্দিনী দত্তের একটি সংলাপ। ‘আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না!’ নন্দিনীর মুখে শোনা এই কথাটি ইতিমধ্যেই নেটপাড়ায় মিম, রিলস এবং ট্রোলের অন্যতম জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে। এবার বিগ বসের ঘরের সেই ভাইরাল সংলাপের রেশ পৌঁছে গেল বাংলা মেগা সিরিয়ালেও। জনপ্রিয় ধারাবাহিক ‘আশীর্বাদ’-এ নন্দিনীর সেই বিখ্যাত ডায়লগের অনুকরণে তৈরি হয়েছে একটি মজাদার দৃশ্য।
ধারাবাহিকের দৃশ্যে কী দেখা গেল?
সম্প্রতি ‘আশীর্বাদ’ ধারাবাহিকের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ধারাবাহিকের মল্লার ও মেঘলার একটি মজার দৃশ্যেই উঠে এসেছে বিগ বসের সেফটিপিন প্রসঙ্গ। ভাইরাল ক্লিপে দেখা যায়, মল্লারের মেজদা মেঘলাকে সরি বলে একটি কাপ দেন। মেঘলা মজার ছলে সেই কাপের ফুল মল্লারের মেজদার মাথায় আটকে দেয়। এরপর পরিস্থিতি দেখে মল্লার তার ছোট ভাই পিলুকে বলে, “এই পিলু, আমার বাবাটার মাথায় একটা সেফটিপিন আটকে দে না রে!” দাদার কথা শুনে পিলুও মজার ছলে নন্দিনীর গলার স্বর ও আবেগপূর্ণ বলার ভঙ্গি নকল করে উত্তর দেয়, “দিতাম তো, কিন্তু আমার বাবাটা সেফটিপিন খুলতে পারে না!”
আর এই সংলাপ শুনেই দর্শকদের হাসি থামার উপায় নেই। বিগ বসের জনপ্রিয় মুহূর্তকে ধারাবাহিকের গল্পের মধ্যে এমনভাবে ব্যবহার করায় নেটিজেনদের একাংশ বেশ মজা পেয়েছেন।
কীভাবে ভাইরাল হয়েছিল নন্দিনীর সেফটিপিন সংলাপ?
এই ভাইরাল সংলাপের সূত্রপাত বিগ বস বাংলার ঘরে। শোয়ের সিক্রেট রুমে বসে নন্দিনী দেখতে পান, রাজবীরের ব্লেজারের পিছনে অনেকগুলি সেফটিপিন আটকানো রয়েছে। রাজবীর একা সেগুলি খুলতে পারছিলেন না। প্রিয় মানুষকে এমন পরিস্থিতিতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন নন্দিনী। এরপরই কান্নার সুরে তিনি বলে ওঠেন, “আমার বাবাটা একা একা সেফটিপিন খুলতে পারে না, কেউ ওকে একটু হেল্প করো!” নন্দিনীর এই আবেগপূর্ণ সংলাপ সম্প্রচারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হাসি-মশকরা। মুহূর্তের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তাঁর এই বিশেষ বলার ভঙ্গি।
ট্রোলিং উপভোগ করছেন নন্দিনী
নন্দিনীর এই সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মিম ও ভিডিও তৈরি হলেও বিষয়টি নিয়ে খুব একটা বিরক্ত নন তিনি। বরং একটি সাক্ষাৎকারে নন্দিনী জানিয়েছেন, ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে নিয়ে মজা করছেন। তাঁর বাবা-মাও এই বিষয়টি থেকে বাদ যাননি। তবে গোটা বিষয়টিকে তিনি বেশ মজার ছলেই নিয়েছেন।

এবার সেই ভাইরাল সংলাপ বাংলা ধারাবাহিকের পর্দায় জায়গা করে নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে নন্দিনীর সেফটিপিন কাণ্ড। বিগ বসের ঘরের একটি মুহূর্ত যে এভাবে টেলিভিশনের মেগা সিরিয়ালেও জায়গা করে নিতে পারে, তা দেখে বেশ মজা পাচ্ছেন দর্শকরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.