বিগ বসের ঘর মানেই প্রতিদিন নতুন বিতর্ক, সম্পর্কের সমীকরণ আর নানা চমক। তবে এবার রিয়্যালিটি শোয়ের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী সৃজলা গুহ। তাঁদের ঘিরে শুরু হয়েছে প্রেমের জোর চর্চা। শোনা যাচ্ছে, বিগ বসের বাড়িতেই নাকি সৃজলাকে নিজের মনের কথা জানিয়েছেন জিতু। এমনকী প্রেমপত্রের মাধ্যমে আকাশ-বাতাস সাক্ষী রেখে ভালোবাসার প্রস্তাবও দিয়েছেন অভিনেতা। যদিও সৃজলার তরফে এখনও স্পষ্ট কোনও সম্মতি বা অসম্মতি মেলেনি। আর এই নিয়েই দর্শকদের মধ্যে বাড়ছে কৌতূহল।
তবে জিতু-সৃজলার এই সম্পর্ক কি সত্যিই ভালোবাসার, নাকি পুরোটাই বিগ বসের ঘরের কোনও খেলার কৌশল? এই প্রশ্ন যখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন জিতুর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিতু ও সৃজলার সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হয় নবনীতাকে। তবে এই বিষয়ে কোনও রকম মন্তব্য করতে চাননি অভিনেত্রী। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জিতুর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার বা জায়গা কোনওটাই তাঁর নেই।
নবনীতার কথায়, তিনি এখন আর জিতুর ঘনিষ্ঠ কেউ নন। তাই জিতু বর্তমানে কী ভাবছেন কিংবা তাঁর জীবনে কী চলছে, তা নিয়ে মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। অর্থাৎ প্রাক্তন স্বামীর নতুন সম্পর্কের জল্পনা থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখতে চাইছেন অভিনেত্রী। জিতু-সৃজলার প্রেমের গুঞ্জন নিয়ে মুখ না খুললেও বিগ বসের ঘরে জিতুর খেলার ধরন নিয়ে নিজের মতামত জানিয়েছেন নবনীতা। কাজের ব্যস্ততার কারণে নিয়মিত পুরো এপিসোড দেখা সম্ভব হয় না তাঁর। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলস এবং ছোট ছোট ভিডিও তাঁর চোখে পড়ে।
নবনীতার মতে, জিতু বরাবরই নিজের মতো করে সামনের সারিতে থেকে খেলতে পছন্দ করেন। আর বিগ বসের মতো একটি রিয়্যালিটি শোতে টিকে থাকতে গেলে নিজের স্বাভাবিক গণ্ডি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। জিতু সম্ভবত সেটাই করছেন। দর্শকরা নিয়মিত এপিসোড দেখলেই তাঁর খেলার ধরন সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। জিতু ও নবনীতার বিচ্ছেদের পর তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই নানা আলোচনা হয়েছে। বর্তমানে দু’জনের মধ্যে যোগাযোগ কতটা রয়েছে, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী। নবনীতা জানিয়েছেন, তাঁদের মধ্যে এখন নিয়মিত কথাবার্তা হয় না। তবে মজার বিষয় হল, জিতুকে নিয়ে যখনই কোনও বিতর্ক বা চর্চা শুরু হয়, তখনই হঠাৎ করে তাঁর ফোন কিংবা মেসেজ চলে আসে। বিপদে-আপদে বন্ধু হিসেবে পাশে থাকার সম্পর্কটুকুই এখন তাঁদের মধ্যে রয়েছে।
বিচ্ছেদের পর গত তিন বছর একা থেকে জীবনকে নতুনভাবে চিনতে শিখেছেন নবনীতা। জীবনের কোন পরিস্থিতিতে থামতে হয়, আর কখন পরিস্থিতির সঙ্গে মানিয়ে এগিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। এখন পুরনো সম্পর্ক কিংবা অতীতের বিতর্ক নিয়ে পড়ে থাকতে চান না অভিনেত্রী। বরং নিজের কাজ এবং আগামী দিনের পরিকল্পনাতেই মন দিতে চান তিনি। পর্দার ‘মা তারা’ আপাতত নিজের অভিনয়জীবন নিয়েই ব্যস্ত থাকতে চান।
সব মিলিয়ে, বিগ বসের ঘরে জিতু ও সৃজলাকে ঘিরে প্রেমের জল্পনা ক্রমশ বাড়লেও এই সম্পর্কের প্রকৃত সমীকরণ এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, প্রাক্তন স্বামীকে নিয়ে কোনও বিতর্কে জড়াতে নারাজ নবনীতা। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন, জিতুর ব্যক্তিগত জীবন এখন সম্পূর্ণ তাঁর নিজের বিষয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
