তীব্র গরমের দাপটের পর আচমকা বৃষ্টি ও ঝড়ে আবহাওয়ায় স্বস্তি এলেও এর সঙ্গে বাড়ছে একাধিক স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে ভোর ও দুপুরের তাপমাত্রার পার্থক্য শরীরের উপর চাপ ফেলছে। চিকিৎসকদের মতে, এই হঠাৎ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শরীরের সময় লাগে, আর সেই ফাঁকেই নানা রোগ মাথাচাড়া দেয়।
তাপমাত্রার ওঠানামা ও সাধারণ অসুখ
গরম থেকে হঠাৎ ঠান্ডা আবহাওয়ায় প্রবেশ করলে সর্দি, কাশি, গলা ব্যথা ও জ্বরের প্রকোপ বাড়ে। অনেকে বাইরে থেকে ফিরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল পান করেন বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকে পড়েন—এগুলো গলা ও ফুসফুসে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। যাদের টনসিলের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময় সমস্যাটি আরও বাড়তে পারে।
পেটের অসুখ ও সংক্রমণ
ঋতু পরিবর্তনের সময়ে পেট খারাপ, টাইফয়েডের মতো রোগের আশঙ্কাও বেড়ে যায়। খাবার ও পানীয়ের মাধ্যমে জীবাণু সহজে শরীরে প্রবেশ করতে পারে। তাই রাস্তার খাবার এড়ানো এবং পরিষ্কার জল পান করা জরুরি।
মূত্রনালির সংক্রমণ
গরমে শরীরের জলশূন্যতা ও অনিয়মিত জলপানের কারণে মূত্রনালির সংক্রমণের ঝুঁকি বাড়ে। আবহাওয়ার পরিবর্তনের সময় এই সমস্যা আরও প্রকট হতে পারে।
ভাইরাসজনিত রোগের বাড়বাড়ন্ত
এই সময় চিকেন পক্সের মতো ভাইরাসজনিত রোগের প্রকোপও বাড়তে দেখা যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লে সংক্রমণ সহজ হয়।
অ্যালার্জি ও শ্বাসকষ্ট
বৃষ্টির পরে বাতাসে ধুলো, পরাগরেণু ও ছত্রাকের পরিমাণ বাড়ে। ফলে হাঁপানি বা অ্যালার্জির রোগীদের সমস্যা বেড়ে যেতে পারে। হাঁচি, চোখ চুলকানো, শ্বাসকষ্ট বা কনজাঙ্কটিভাইটিসের মতো উপসর্গ দেখা দিতে পারে।
মশাবাহিত রোগের ঝুঁকি
বৃষ্টির ফলে জমে থাকা জল মশার বংশবৃদ্ধির আদর্শ জায়গা তৈরি করে। এর ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের আশঙ্কা বেড়ে যায়। আশপাশে জল জমতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ত্বকের সংক্রমণ
ভেজা জামাকাপড় বা জুতো দীর্ঘ সময় পরে থাকলে ছত্রাকঘটিত ত্বকের সমস্যা দেখা দিতে পারে। বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত শুকনো পোশাক পরা উচিত।
কীভাবে সতর্ক থাকবেন?
বৃষ্টিতে ভিজলে দ্রুত স্নান করুন এবং চুল পরিষ্কার রাখুন
প্রচুর জল ও তরল খাবার খান
টাটকা ফল ও সবজি বেশি করে খাবেন
বাইরে খোলা খাবার এড়িয়ে চলুন
জমে থাকা জল পরিষ্কার রাখুন
ভেজা কাপড় বা জুতো পরে দীর্ঘ সময় থাকবেন না
ঋতু পরিবর্তনের এই সময়ে সামান্য সচেতনতাই বড় রোগ থেকে সুরক্ষা দিতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.