গ্রীষ্মের সময় তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে গেলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বিরক্তিকর সমস্যাগুলোর একটি হলো ঘামাচি। শিশু থেকে প্রাপ্তবয়স্ক—প্রায় সকলেই এই সমস্যায় ভোগেন। বিশেষ করে দীর্ঘক্ষণ ঘাম হওয়া, গরম আবহাওয়া এবং ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সমস্যা আরও বেড়ে যায়। তবে কিছু সহজ অভ্যাস ও ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে ঘামাচির অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।
কেন হয় ঘামাচি
গরমে শরীরকে ঠান্ডা রাখতে আমাদের শরীর থেকে ঘাম বের হয়। এই ঘাম ত্বকের রোমকূপ দিয়ে বেরিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কিন্তু কখনও কখনও অতিরিক্ত ঘাম, ময়লা বা লবণের কারণে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। তখন ঘাম বাইরে বেরোতে না পেরে ত্বকের নিচে জমে যায়। ফলে ত্বকের সেই জায়গা ফুলে ওঠে এবং সেখানে ছোট ছোট র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়। অনেক সময় ব্যাকটেরিয়ার সংক্রমণও এই সমস্যাকে বাড়িয়ে দেয়। কাপড়ের সঙ্গে ঘর্ষণ বা বারবার চুলকানোর ফলে অস্বস্তি আরও বেড়ে যায়।
বরফ সেক দিলে মিলতে পারে স্বস্তি
ঘামাচির জ্বালা কমাতে ঠান্ডা সেক বেশ কার্যকর। একটি পরিষ্কার শুকনো কাপড়ে কয়েকটি বরফের টুকরো বেঁধে নিয়ে আক্রান্ত স্থানে ১০ থেকে ১৫ মিনিট আলতোভাবে লাগিয়ে রাখতে পারেন। দিনে কয়েকবার এভাবে ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে এবং নতুন করে ঘাম জমার সম্ভাবনা কমে।
ত্বক পরিষ্কার রাখা জরুরি
গরমের সময় ত্বক পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে এবং রাতে ঘুমানোর আগে নিয়মিত ত্বক ধুয়ে নিলে ঘাম ও ময়লা জমে থাকার সম্ভাবনা কমে। এমনকি সারাদিন বাড়িতে থাকলেও এই অভ্যাস বজায় রাখা ভালো।
অ্যালোভেরা ও হলুদের ব্যবহার
অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বক ঠান্ডা রাখতে সাহায্য করে এবং জ্বালা বা চুলকানি কমাতে কার্যকর। সরাসরি অ্যালোভেরার জেল ঘামাচির উপর লাগানো যেতে পারে। চাইলে অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য হলুদ মিশিয়েও ব্যবহার করা যায়। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ত্বকে আরাম পাওয়া যায়, কারণ হলুদ প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে।
বেকিং সোডা ব্যবহারেও উপকার
এক কাপ ঠান্ডা জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন। এরপর একটি পরিষ্কার কাপড় সেই জলে ভিজিয়ে ঘামাচির জায়গায় আলতোভাবে লাগালে ত্বকের অস্বস্তি কমতে পারে। কয়েক মিনিট এভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
সঠিক পোশাক নির্বাচন
গরমের সময় ঢিলেঢালা ও হালকা রঙের সুতির পোশাক পরা সবচেয়ে ভালো। এতে ত্বক সহজে বাতাস পায় এবং ঘাম জমে থাকার সম্ভাবনা কমে। পাশাপাশি কাপড়ের সঙ্গে ত্বকের ঘর্ষণও কম হয়।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
ঘামাচি হলে অনেকেই চুলকাতে থাকেন, যা সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। তাই যতটা সম্ভব চুলকানো এড়িয়ে চলা উচিত। চাইলে নিমপাতার রস, পাতিলেবুর রস বা অ্যালোভেরার রস জলে মিশিয়ে পাতলা করে ব্যবহার করা যেতে পারে।
অনেকেই গরমে ট্যালকম পাউডার ব্যবহার করেন, কিন্তু এতে কখনও কখনও রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। তাই অযথা পাউডার ব্যবহার না করাই ভালো।
খাদ্যাভ্যাসেও নজর দিন
গরমের সময় শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে পর্যাপ্ত জল পান করা জরুরি। পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় ফল, শাকসবজি ও জলসমৃদ্ধ খাবার রাখলে শরীর সুস্থ থাকে এবং ত্বকের সমস্যাও কিছুটা কমে।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
যদি ঘামাচি খুব বেশি বেড়ে যায়, ত্বকে সংক্রমণ দেখা দেয় বা দীর্ঘদিন ধরে সমস্যা থাকে, তাহলে নিজে নিজে চিকিৎসা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ ত্বক খুবই সংবেদনশীল এবং সঠিক চিকিৎসা না হলে সমস্যা বাড়তে পারে।
গরমের দিনে সামান্য যত্ন ও সচেতনতা বজায় রাখলেই ঘামাচির মতো অস্বস্তিকর সমস্যা থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.