দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেয়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ আগস্ট কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মেয়ের জন্মের পর থেকেই একের পর এক আদুরে মুহূর্ত সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। এবার সদ্যোজাত মেয়ের মঙ্গল কামনায় বাড়িতে আয়োজন করা হল বিশেষ পুজোর।
২০ আগস্ট, ছয় ষষ্ঠীর দিন পাঞ্জাবি রীতি মেনে ছট মাইয়ার পুজোর আয়োজন করা হয়েছিল। পুজোর দিন ছোট্ট মেয়েকে লাল টুকটুকে ফ্রক ও মাথায় ওড়না পরিয়ে সাজিয়েছিলেন পূজা। সাজে তাকে যেন একেবারে রাজকন্যার মতোই লাগছিল। তবে এত নিয়মকানুন আর আচার-অনুষ্ঠান যে তার একেবারেই পছন্দ হয়নি, তা বোঝা গেল ভিডিওতেই। মায়ের কোলে ঠোঁট ফুলিয়ে কাঁদতে দেখা যায় ছোট্ট সোনাকে।
ভিডিওটি শেয়ার করে পূজা লেখেন, তাঁর ছোট পরীর জন্য ছট মাইয়ার পুজোর আয়োজন করা হয়েছিল। মেয়ের পরনের লাল পোশাকটি তাঁর পিসির উপহার বলেও জানান অভিনেত্রী। পূজার শ্বশুরবাড়ি পাঞ্জাবি হওয়ায় তাঁদের পরিবারে পাঞ্জাবি রীতি মেনেই এই বিশেষ পুজোর আয়োজন করা হয়।
ভিডিওর শুরুতেই দেখা যায়, সদ্যোজাত বোনকে আদর করে চুমু খাচ্ছে দাদা কৃষিভ। ভাই-বোনের এই মিষ্টি মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ার নজর কেড়েছে। অনুরাগীরা মা ও দুই সন্তানকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
এর আগে মেয়ের জন্মের পর পূজা জানিয়েছিলেন, পাঞ্জাবি রীতি মেনে ৪০ দিন পর হবে মেয়ের নামকরণ। জন্মের পরই অবশ্য মেয়ের মুখ প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। প্রেগন্যান্সি জার্নি থেকে শুরু করে কন্যাসন্তানের জন্ম—মাতৃত্বের নানা মুহূর্তই নিয়মিত সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি।
গত ১০ মে মাতৃদিবসে পূজার সাধভক্ষণ অনুষ্ঠানও হয়েছিল। সেই সময় থেকেই ছেলে কৃষিভের জন্য একটি বোন চাওয়ার কথা উঠে এসেছিল। অবশেষে ১৪ আগস্ট পূজা-কুণালের পরিবারে আসে সেই প্রতীক্ষিত কন্যাসন্তান।
২০২০ সালে কোভিড পরিস্থিতির মধ্যে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল বর্মা। সেই বছরই তাঁদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়। দ্বিতীয় সন্তানের আগমনে এখন পূজা-কুণালের পরিবারে খুশির আবহ। সদ্যোজাত মেয়েকে ঘিরে একের পর এক মিষ্টি মুহূর্তই ধরা পড়ছে তাঁদের সমাজমাধ্যমের পাতায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.