Radhika Apte: রাখঢাক করে কথা বলতে পছন্দ করেন না রাধিকা আপ্টে (Radhika Apte)। নিজের শরীর, যৌনতা এবং নারীর ইচ্ছার মতো বিষয় নিয়েও বরাবরই খোলামেলা অভিনেত্রী। চলতি মাসেই ৪১ বছরে পা দিয়েছেন তিনি। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ চল্লিশের কোঠার এক মহিলার দৃষ্টিভঙ্গি থেকে যৌনতা ও নারীর কামনাকে তুলে ধরেছেন রাধিকা। আর সেই প্রসঙ্গেই বয়স বাড়ার সঙ্গে নিজের শরীর ও যৌনতাকে কী ভাবে দেখছেন, তা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানান, বয়স বাড়াকে সমাজ সাধারণত নেতিবাচক ভাবে দেখে। কিন্তু তাঁর অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। অভিনেত্রীর কথায়, ৪১ বছর বয়সে এসে কুড়ি বা তিরিশের তুলনায় নিজের শরীর এবং নিজেকে অনেক বেশি বুঝতে পারছেন তিনি। রাধিকার মতে, কুড়ির কোঠায় অনেকেই বাবা-মায়ের নিষেধ করা বিষয়গুলির দিকে বেশি আকৃষ্ট হন। আবার তিরিশের কোঠায় এসে সেই নিষেধগুলির কিছুটা মেনে চলার প্রবণতা তৈরি হয়। তবে চল্লিশের কোঠায় এসে মানুষ নিজের ইচ্ছা, চাহিদা এবং নিজের পরিচয়কে নতুন করে বোঝার চেষ্টা করেন।
এই বয়সকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় বলেই মনে করেন রাধিকা। তিনি জানান, চল্লিশের কোঠায় এসে নিজেকে তাঁর সবচেয়ে সুস্থ, তরুণ এবং প্রাণবন্ত বলে মনে হয়। বিশেষ করে মা হওয়ার পরে শরীরে যে পরিবর্তন আসে, তার ফলে নিজের শরীর এবং তার চাহিদাগুলিকে নতুন করে চিনতে শেখা যায় বলেও জানান অভিনেত্রী। যৌনতা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন রাধিকা। তাঁর মতে, ভারতীয় সমাজে এখনও যৌনতা এবং ব্যক্তিগত ইচ্ছার মতো বিষয়কে অনেকটাই নিষিদ্ধ করে রাখা হয়। মহিলাদের ক্ষেত্রে এই সঙ্কোচ আরও বেশি। ছোটবেলায় তাঁর মধ্যেও যৌনতাকে ‘খারাপ’ বা ‘নোংরা’ বিষয় হিসেবে দেখার ধারণা তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী।
রাধিকার প্রশ্ন, নারী ও পুরুষের যৌন ইচ্ছাকে কেন আলাদা চোখে দেখা হবে? তাঁর মতে, যৌনতা দু’জন মানুষের পারস্পরিক বিষয় এবং একে একপাক্ষিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়। নিজের মেয়েকে অবশ্য এই ধরনের লজ্জা বা ভয় নিয়ে বড় করতে চান না রাধিকা। তিনি জানিয়েছেন, তাঁর মেয়ে ভবিষ্যতে নিজের শরীর বা ইচ্ছা সম্পর্কে কোনও প্রশ্ন করলে তাকে কখনও লজ্জায় ফেলবেন না। বরং বিষয়গুলি নিয়ে খোলাখুলি কথা বলার পরিবেশ তৈরি করতে চান তিনি।
রাধিকার বক্তব্য, যৌনতা নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার প্রভাব শুধু মহিলাদের উপর নয়, নারী-পুরুষ উভয়ের উপরেই পড়ে। তাই বয়স, শরীর, ইচ্ছা এবং যৌনতা নিয়ে আরও স্বাভাবিক ও খোলামেলা আলোচনা প্রয়োজন বলেই মনে করেন অভিনেত্রী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.