দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্তের অভিনয়জীবনে রয়েছে অসংখ্য সাফল্যের গল্প। তামিল থেকে শুরু করে তেলুগু, কন্নড়, মালায়ালম এবং হিন্দি ছবিতেও নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। হেমা মালিনী, ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গেও একাধিক ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন রজনীকান্ত। তবে শ্রীদেবীর সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে রয়েছে এক অজানা অধ্যায়।
একসময় শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন রজনীকান্ত। শুধু আকর্ষণ নয়, অভিনেত্রীর প্রতি তাঁর অনুভূতি এতটাই গভীর ছিল যে মনে মনে বিয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিলেন তিনি। এমনকী একদিন শ্রীদেবীকে নিজের মনের কথা জানাবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু সেই প্রেমের গল্প শুরুর আগেই যেন থেমে যায়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের সেই ঘটনার কথা জানিয়েছিলেন রজনীকান্ত। অভিনেতার দাবি অনুযায়ী, শ্রীদেবীর নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সুযোগেই শ্রীদেবীর কাছে নিজের মনের কথা প্রকাশ করার পরিকল্পনা করেন তিনি। নির্দিষ্ট দিনে অভিনেত্রীর বাড়িতেও পৌঁছে যান রজনীকান্ত।

কিন্তু মনের কথা বলার ঠিক আগেই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। আচমকাই বিদ্যুৎ চলে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাড়ি অন্ধকারে ডুবে যায়। ঘটনাটিকে নিছক বিদ্যুৎ বিভ্রাট হিসেবে দেখেননি রজনীকান্ত। তিনি কুসংস্কারে বিশ্বাসী ছিলেন এবং ঘটনাটিকে অশুভ সংকেত হিসেবে মনে করেন।
ফলে শেষ পর্যন্ত শ্রীদেবীকে নিজের ভালোবাসার কথা আর জানানো হয়নি তাঁর। অশুভ লক্ষণের আশঙ্কায় সেদিনই শ্রীদেবীর বাড়ি থেকে বেরিয়ে যান রজনীকান্ত। সময়ের সঙ্গে সঙ্গে নিজের সেই অনুভূতি থেকেও সরে আসেন তিনি। যদিও শ্রীদেবীর সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়নি। বরং দু’জনের মধ্যে একটি সুস্থ ও সম্মানজনক সম্পর্ক বজায় ছিল।

রজনীকান্ত ও শ্রীদেবীর জুটির অভিনয়ের ইতিহাসও বেশ পুরনো। মাত্র ১৩ বছর বয়সে একটি ছবিতে রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। পরবর্তী সময়ে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। বলিউডের জনপ্রিয় ছবি ‘চালবাজ’-এও রজনীকান্তকে শ্রীদেবীর সঙ্গে দেখা গিয়েছিল।

পর্দায় তাঁদের জুটি দর্শকদের প্রশংসা পেলেও বাস্তব জীবনে রজনীকান্তের সেই অপূর্ণ প্রেমের গল্প আর পূর্ণতা পায়নি। একটি সামান্য বিদ্যুৎ বিভ্রাটই তাঁর কাছে হয়ে উঠেছিল এমন এক অশুভ সংকেত, যার জেরে শ্রীদেবীকে নিজের মনের কথা বলার সুযোগটুকুও আর নেননি এই দক্ষিণী সুপারস্টার।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.