Salman Khan: অসমের বন্যার্তদের পাশে সলমন খান, তৈরি হবে ৫০০টি আধা-পাকা বাড়ি

Salman Khan: অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এবার দীর্ঘমেয়াদি পুনর্বাসনের উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা সলমন খান(Salman Khan)। তাঁর সামাজিক সংস্থা ‘বিয়িং হিউম্যান’ এবং গ্লোবাল শিখস-এর যৌথ উদ্যোগে ‘আশিয়ানা’ প্রকল্পের আওতায় বন্যায় ঘরহারা পরিবারগুলির জন্য ৫০০টি বন্যা-সহনশীল আধা-পাকা বাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ জুলাই ‘বিয়িং হিউম্যান’ ফাউন্ডেশন স্থানীয় ফ্যান ক্লাবগুলির সহযোগিতায় বন্যাদুর্গতদের মধ্যে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছিল। এবার সেই ত্রাণ কার্যক্রমের দ্বিতীয় ধাপে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।

সূত্রের দাবি, পুনর্বাসনের পরিকল্পনা আগে থেকেই থাকলেও সম্প্রতি অভিনেতা রণদীপ হুডার অসমে ত্রাণ ও উদ্ধারকাজের ভিডিও দেখে সলমন খান প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। এরপর এক পরিচিতের মাধ্যমে তিনি রণদীপের সঙ্গে যোগাযোগ করেন। রণদীপ সলমনকে জানান, গ্লোবাল শিখসের প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবক বন্যাকবলিত এলাকায় কাজ করছেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা।

গ্লোবাল শিখসের প্রতিষ্ঠাতা অমরপ্রীত সিং জানান, বাঁশ ও টিন দিয়ে তৈরি প্রতিটি বন্যা-সহনশীল আধা-পাকা বাড়ি নির্মাণে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা খরচ হয়। এই তথ্য জানার পরই ‘বিয়িং হিউম্যান’ প্রকল্পটির অংশীদার হওয়ার সিদ্ধান্ত নেয়। দুই সংস্থা যৌথভাবে মোট ৫০০টি বাড়ি নির্মাণের লক্ষ্যে কাজ করছে।

অমরপ্রীত সিংয়ের বক্তব্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলার নেপালি খুটি গ্রামে ‘আশিয়ানা’ প্রকল্পের কাজ চলছে। তিনি জানান, কয়েক দিন আগে সলমন খান ফোন করে আশ্বস্ত করেন যে প্রকল্প নিয়ে কোনও দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

প্রথম ধাপে ইতিমধ্যেই ২২০টি বাড়ি নির্মাণ সম্পন্ন হয়েছে এবং সেগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ৮ থেকে ১০টি নতুন বাড়ি তৈরি করা সম্ভব হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ থাকছেন না সলমন খান। বরং বন্যায় সর্বস্ব হারানো পরিবারগুলিকে নিরাপদ আশ্রয় ফিরিয়ে দিতে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘বিয়িং হিউম্যান’ ও গ্লোবাল শিখসের এই উদ্যোগ বহু দুর্গত পরিবারের মাথার উপর আবারও একটি নিরাপদ ছাদ নিশ্চিত করার লক্ষ্যেই এগিয়ে চলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক