মন্নত—শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে নিজের পছন্দমতো করে সাজিয়ে তোলা এই ঐতিহ্যবাহী বাংলো শুধু তাঁর বাড়ি নয়, বলিউডের অন্যতম পরিচিত ল্যান্ডমার্কও। শাহরুখের জন্মদিন হোক কিংবা ঈদ, বিশেষ দিনে মন্নতের সামনে ভক্তদের ভিড় এখন কার্যত পরিচিত দৃশ্য। সেই সাধের বাড়ি ছেড়ে প্রায় দেড় বছর ধরে ভাড়াবাড়িতে ছিলেন কিং খান। এবার ফের নিজের ‘প্রাসাদে’ ফিরতে চলেছেন তিনি।
মন্নতকে নতুন করে সাজানো এবং তার পরিসর বাড়ানোর কাজের জন্যই সপরিবারে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ-গৌরী। মন্নতের বর্তমান কাঠামোকে আরও সম্প্রসারিত করে ছ’তলা থেকে আট তলা করার পরিকল্পনা ছিল তাঁদের। সেই সংস্কারকাজের জন্য প্রশাসনিক অনুমতি পেতে বেশ কিছুটা সময় লাগে। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্তও গড়ায়। পরে সুপ্রিম কোর্টের অনুমতি মেলার পর সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়।
এই সময় স্ত্রী গৌরী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পালি হিলসের একটি বিলাসবহুল বাংলোয় ভাড়া থাকছিলেন শাহরুখ। বাড়িটি জ্যাকি ভাগনানি পরিবারের সম্পত্তি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তিন বছরের জন্য বাংলোটি লিজ নিয়েছিলেন অভিনেতা। প্রতি মাসে ভাড়া বাবদ প্রায় ১১.৫৪ লক্ষ টাকা দিতে হয় তাঁকে। চুক্তির সময় প্রায় ৩৬ লক্ষ টাকা অগ্রিমও দেওয়া হয়েছিল বলে খবর।

এবার অবশ্য মন্নতের সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, নতুন দু’টি তলার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি কাজও আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে খুব শীঘ্রই সপরিবারে মন্নতে ফিরে যাবেন শাহরুখ খান।
আর এখানেই তৈরি হয়েছে নতুন কৌতূহল। চলতি বছর কি মন্নতেই শাহরুখ-গৌরীর জনপ্রিয় দীপাবলি পার্টি বসবে? বলিপাড়ায় এই তারকা দম্পতির দীপাবলি উদযাপন বরাবরই চর্চার বিষয়। দেড় বছর ধরে মন্নতের বারান্দায় শাহরুখকে সেভাবে দেখা যায়নি। তাই তাঁর ফেরার খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যেও উচ্ছ্বাস তৈরি হয়েছে।
প্রসঙ্গত, ১৯১৪ সালে তৈরি মন্নত মুম্বইয়ের অন্যতম পরিচিত হেরিটেজ সম্পত্তি। প্রায় আড়াই হাজার বর্গমিটার জায়গাজুড়ে থাকা এই বাড়িতেই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছেন শাহরুখ ও গৌরী। সূত্রের দাবি, বাড়িটির সংস্কার ও সম্প্রসারণে প্রায় ২২৫ কোটি টাকা খরচ হতে পারে। সংস্কারের কাজ শেষ হলেই ফের এই ঐতিহাসিক ঠিকানাতেই ফিরবেন বলিউডের ‘বাদশা’।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.