ভাইফোঁটার বিশেষ দিনে দাদাকে কাছে পেলেন না বোন। কারণ, এই মুহূর্তে বিগ বসের ঘরে বন্দি রয়েছেন প্রতিযোগী সৌরভ দাস। প্রায় তিন মাস ধরে পরিবারের কাছ থেকে দূরে রয়েছেন তিনি। তবে দাদা কাছে না থাকলেও ভাইফোঁটার আনন্দে কোনও খামতি রাখতে চাইলেন না বোন অরুনিমা দাস। তাই অভিনব উপায়ে টেলিভিশনের পর্দায় দাদাকে ফোঁটা দিয়ে পালন করলেন ভাইফোঁটা।
প্রতি বছর ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন বোনেরা। কিন্তু এবারের ভাইফোঁটা সৌরভের পরিবারের কাছে কিছুটা অন্যরকম। বিগ বসের ঘরে থাকার কারণে চাইলেও দাদার কাছে পৌঁছতে পারছেন না অরুনিমা। শেষ পর্যন্ত বিগ বসের অনুষ্ঠান চলাকালীন টেলিভিশনের পজ বাটন টিপে স্ক্রিনে থাকা দাদাকেই ফোঁটা দিলেন তিনি। পাশে বসে মেয়েকে ভাইফোঁটার সমস্ত নিয়ম বুঝিয়ে দেন তাঁর মা। আবেগঘন এই মুহূর্ত নিঃসন্দেহে সৌরভের পরিবারের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রায় তিন মাস ধরে বাড়ির বাইরে রয়েছেন বিগ বসের প্রতিযোগীরা। দুর্গাপুজো থেকে কালীপুজো, একের পর এক উৎসব কেটেছে বিগ বসের ঘরেই। পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে না পারার কষ্ট রয়েছে প্রতিযোগীদের মনেও। অন্যদিকে, বাড়ির সদস্যরাও তাঁদের প্রিয় মানুষদের ভীষণভাবে মিস করছেন। সৌরভের বোনের এই বিশেষ উদ্যোগ সেই আবেগকেই আরও একবার সামনে নিয়ে এল। পরিবারের সকলের একটাই কামনা, খেলা শেষ করে বিজয়ীর মুকুট মাথায় নিয়েই যেন বাড়ি ফেরেন সৌরভ।
এদিকে বিগ বসের ঘরে এখন চলছে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার বিশেষ পর্ব। প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে একে একে ঘরে প্রবেশ করছেন তাঁদের পরিবারের লোকজন। গতকাল সোনামণি, সৃজলা এবং দুর্নিবারের মায়েরা বিগ বসের ঘরে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন। এবার সৌরভের সঙ্গে দেখা করতে কে আসবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সম্ভাবনা রয়েছে, সৌরভের সঙ্গে দেখা করতে বিগ বসের ঘরে আসতে পারেন তাঁর স্ত্রী দর্শনা বণিক। সৌরভের মা শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর পক্ষে সেখানে যাওয়া কিছুটা কঠিন। তাই মায়ের পরিবর্তে স্ত্রী দর্শনাই তাঁর সঙ্গে দেখা করতে যেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে।
অন্যদিকে, খেলার শেষ পর্যায়ে এসে বিগ বসের ঘরের ক্যাপ্টেনের দায়িত্বও সামলাচ্ছেন সৌরভ। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যেভাবে তিনি নিজের দায়িত্ব পালন করছেন, তা প্রশংসা পাচ্ছে দর্শকদের একাংশের কাছ থেকে। শুধু প্রতিযোগিতার লড়াই নয়, নিজের মজার স্বভাব ও কমেডির মাধ্যমে সহ-প্রতিযোগীদের মন ভালো রাখার চেষ্টা করছেন তিনি।

সব মিলিয়ে বিগ বসের ঘরে সৌরভের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তাঁর সমর্থনে ভোটের সংখ্যাও বাড়ছে বলে জানা যাচ্ছে। এবার পরিবারের ভালোবাসা ও দর্শকদের সমর্থন সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত কতটা এগোতে পারেন সৌরভ, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.