দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় মুখ শ্রীলীলা এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। দীর্ঘ ছ’বছরের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পর তিনি সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। শুটিং, বিজ্ঞাপন, ছবির প্রচার ও বিভিন্ন অনুষ্ঠানের ব্যস্ততার মধ্যেও চিকিৎসাবিদ্যার পড়াশোনা সম্পূর্ণ করে তিনি প্রমাণ করলেন—স্বপ্ন ও দায়িত্ব একসঙ্গে সামলানো সম্ভব।
সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর ডিগ্রি গ্রহণ ও চিকিৎসক হিসেবে শপথ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সহকর্মী থেকে সাধারণ অনুরাগী—সবাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসেবে তাঁর এই সাফল্য বহু তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
২০০১ সালের ১৪ জুন আমেরিকার মিশিগানে জন্ম শ্রীলীলার। পরবর্তীতে তিনি বেঙ্গালুরুতে চলে আসেন এবং সেখানেই স্কুল ও কলেজের পড়াশোনা সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তাঁর। ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়ে নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেন।
চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু ২০১৭ সালে তেলুগু ছবি চিত্রাঙ্গদা-তে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে। তবে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৯ সালে কন্নড় ছবি কিস্-এ। এরপর তেলুগু ছবি ধমাকা তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
পরবর্তী সময়ে তাঁর ঝুলিতে যুক্ত হয়েছে একাধিক সফল ছবি—‘পেল্লি সান্দাদি’, ‘বাই টু লভ’, ‘স্কন্দা’, ‘ভগবন্ত কেসরী’, ‘আদিকেশব’, ‘গুন্তুর কারাম’, ‘রবিনহুড’, ‘মাস জঠারা’ প্রভৃতি। বিশেষ করে পুষ্পা ২: দ্য রুল ছবির ‘কিসিক’ গানে নাচ করে দর্শকদের মন জয় করেন তিনি।
চলতি বছরে ‘পরাশক্তি’ ছবির মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন শ্রীলীলা। যদিও ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, তবু তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। সামনে রয়েছে বলিউডে অভিষেকের অপেক্ষা। শোনা যাচ্ছে, পরিচালক অনুরাগ বসু-র ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি হিন্দি ছবির জগতে পা রাখতে চলেছেন, যেখানে নায়ক হিসেবে থাকতে পারেন কার্তিক আরিয়ান। এছাড়া ধনুষ-এর সঙ্গেও কাজের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।
তবে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন ছিল বেশ কণ্টকময়। শ্রীলীলার মা স্বর্ণলতা একজন সুপরিচিত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাঁর ব্যবসায়ী বাবা সুরপানেনী শুভকর রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্যের পর আইনি বিচ্ছেদ হয়। অভিযোগ রয়েছে, বিবাহবিচ্ছেদের পরই শ্রীলীলার জন্ম।
২০২১ সালের অক্টোবরে এক সাংবাদিক সম্মেলনে শুভকর দাবি করেন, তিনি শ্রীলীলার বাবা নন এবং সংবাদমাধ্যমকে অনুরোধ করেন তাঁকে যেন অভিনেত্রীর বাবা হিসেবে উল্লেখ না করা হয়। এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলেও শ্রীলীলার মা এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
পরবর্তীতে ২০২২ সালে শুভকর তাঁর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। যদিও এসব বিতর্কের মাঝেও নিজের কাজ ও পড়াশোনায় অটল ছিলেন শ্রীলীলা।
আরও পড়ুন:Kanchan-Sreemoyee: শাড়ি পরিহিতা কন্যাকে দেখতে লাগছে ‘হেমা মালিনী’র মতো, জানালেন কাঞ্চন
আজ তিনি একাধারে সফল অভিনেত্রী ও চিকিৎসক। ব্যক্তিগত ঝড়-ঝাপটা পেরিয়ে নিজের লক্ষ্যপূরণে অবিচল থাকার যে উদাহরণ তিনি তৈরি করেছেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণার। অভিনয়ের ঝলকানি আর সাদা অ্যাপ্রনের গাম্ভীর্য—দুই পরিচয়েই সমান উজ্জ্বল শ্রীলীলা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.