ভারত-পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনার কারণে আইপিএলের বাকি ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। তবে জানা যাচ্ছে ভারত সরকার যদি মে মাসেই বাকি ম্যাচগুলি শুরু করার অনুমতি দেয় তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড সেগুলি খেলার জন্য তিনটি স্থান বেছে নিয়েছে। আপাতত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা।
আমরা সকলেই জানি চলতি বছর আইপিএল টুর্নামেন্টের ১৮ তম সংস্করণ চলছিল। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে বাকি ম্যাচগুলি। সরকারের অনুমতি পেলে সেগুলি আয়োজন করার জন্য বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাইকে বেছে নিয়েছে বিসিসিআই।
শেষ পর্যন্ত যদি এই বিষয়টি ঘটে তাহলে পূর্ব পরিকল্পিত ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল নাও হতে পারে। পূর্বসূচি অনুযায়ী ইডেন গার্ডেন্সে কোয়ালিফাইয়ার এবং এলিমিনেটর ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্যদিকে এই বিষয়টি স্পষ্ট নয়, মে মাসে টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য বিসিসিআই কোনো তারিখ নির্ধারণ করেছে কিনা।
যদিও প্রতিবেদনে বলা হয়েছে বিসিসিআই’এর তরফ থেকে সমস্ত ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তাদের আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে তাদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যদি এই মাসে সরকারের অনুমতি না মেলে তাহলে এই মরশুমের বাকি অংশ বছরের শেষের দিকে আয়োজিত হতে পারে।
মে মাসে অনুষ্ঠিত হওয়ার সবথেকে বড়ো সমস্যা হলো বিদেশী তারকাদের ফিরিয়ে নিয়ে আসা। কারণ ইতিমধ্যেই তারা নিজের নিজের দেশে যেতে শুরু করেছেন। টুর্নামেন্ট শুরু হলে যে তারা ভারতে ফিরে আসবেন সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। সবমিলিয়ে বলতে গেলে চলমান মরশুম গভীর অনিশ্চয়তায় ডুবে রয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.