যানজটে আটকে অটোতেই সন্তানের জন্ম! হাসপাতাল যাওয়ার পথে পুত্রসন্তান প্রসব অন্তঃসত্ত্বার

হাসপাতালে যাওয়ার পথে ভয়াবহ যানজটে আটকে পড়ল অটোরিকশা। এ দিকে ক্রমশ বাড়ছিল প্রসববেদনা। শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে পারেননি অন্তঃসত্ত্বা তরুণী। অটোরিকশার মধ্যেই সন্তানের জন্ম দিতে বাধ্য হলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের উল্হাসনগরে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই তরুণীর নাম হরিকালা থাপা। বয়স ৩০ বছর। মঙ্গলবার দুপুরে হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হয়। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অন্য কোনও গাড়ির ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় অটোরিকশাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতালের পথে অটোটি যানজটে আটকে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট কোনও ভাবেই এগোতে পারেনি সেটি। এর মধ্যেই হরিকালার প্রসববেদনা আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অটোরিকশার মধ্যেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

এর পর পরিবারের সদস্যরা কোনও রকমে মা ও সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দু’জনেরই পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা এবং শিশু দু’জনেই সুস্থ রয়েছেন। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘উল্হাসবিকাশনিউজ়’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

ভিডিয়োয় দেখা যায়, অটোরিকশা থেকে ধরে ধরে হরিকালাকে নামানো হচ্ছে। পরে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়। পাশে একটি স্ট্রেচারও দেখা যায়। ভিডিয়োর পরবর্তী অংশে এক স্বাস্থ্যকর্মীর কোলে সদ্যোজাত শিশুটিকেও দেখা যায়। হরিকালার পরিবারের এক সদস্য পুরো ঘটনার বিবরণ জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। মা ও শিশুর স্বাস্থ্যের খোঁজও নিয়েছেন অনেকে।

উল্হাসনগরে যানজটের সমস্যা নতুন নয়। তবে সেই যানজটের কারণে হাসপাতাল পৌঁছনোর আগেই এক অন্তঃসত্ত্বাকে রাস্তায় এমন পরিস্থিতির মুখে পড়তে হওয়ায় ফের প্রশ্ন উঠেছে শহরের যান চলাচল ব্যবস্থা নিয়ে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক