মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙেছে আগেই। এবার কি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর? অভিনেত্রী তথা টেলিভিশন সঞ্চালক সাহিবা বালির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রেমের জল্পনা। যদিও সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও ঘোষণা করেননি দু’জনের কেউই। তবে তাঁদের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে কৌতূহল বেড়েছে অনুরাগীদের।
গুরুপুর্ণিমা উপলক্ষে একটি গুরুদ্বার থেকে অর্জুন কাপুরের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সাহিবা। ছবিতে দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। অর্জুনকে ট্যাগ করে ছবিটি পোস্ট করার পাশাপাশি সাহিবা লেখেন, ‘ওর ভাগের প্রসাদটুকুও আমিই খেয়ে নিয়েছি। হ্যাপি গুরুপুরব।’ আর এই ক্যাপশন দেখেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন, তবে কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন তাঁরা?
অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে অর্জুন ও সাহিবাকে। গত ১৯ জুলাই লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় একদিনের ম্যাচ দেখতে গিয়েছিলেন দু’জন। সেখানকার ছবি ও ভিডিওতে তাঁদের পাশাপাশি বসে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অর্জুনের জন্মদিনেও তাঁদের কথোপকথন ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। অভিনেতার একটি ছবি শেয়ার করে সাহিবা লিখেছিলেন, ‘সবার বেস্টিকে জন্মদিনের শুভেচ্ছা। আর ওজন কমিয়ো না, এবার একটু কেক খাও।’ উত্তরে অর্জুন লেখেন, ‘তুমি এসে যোগ দেবে, সেই অপেক্ষায় আছি।’ তাঁদের এই মজার কথোপকথনও অনুরাগীদের নজর এড়ায়নি।
তবে এর আগে প্রেমের গুঞ্জন অস্বীকার করেছিলেন সাহিবা নিজেই। লর্ডসে একসঙ্গে দেখা যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রসিকতার ছলে দু’টি পোস্ট করেছিলেন তিনি। অর্জুনের সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, ‘সবকিছু বিশ্বাস করবেন না।’ পরে সংবাদমাধ্যমের উদ্দেশেও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, লন্ডনে তাঁর ডেটিং জীবন নিয়ে অযথা গুজব ছড়ানো উচিত নয়। অর্জুনের সঙ্গে তিনি সম্পর্কে নেই বলেও দাবি করেছিলেন সাহিবা। ফলে সাম্প্রতিক ছবির পর নতুন করে তৈরি হওয়া জল্পনা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে সাহিবার নাম জড়িয়েছে। কমেডিয়ান সময় রায়নার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা দেখে নেটিজেনদের একাংশ প্রেমের অনুমান করেছিলেন। কনটেন্ট ক্রিয়েটর কুল্লুর সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। যদিও সেই সমস্ত জল্পনা নস্যাৎ করেছিলেন সাহিবা। অন্যদিকে, মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম চর্চিত প্রেমের কাহিনি। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের শুরু এবং ২০১৯ সালে প্রকাশ্যে আসে সেই প্রেম। প্রায় ছয় বছর একসঙ্গে থাকার পর ২০২৪ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ওই বছরের অক্টোবর মাসে একটি অনুষ্ঠানে নিজেকে ‘সিঙ্গেল’ বলেও ঘোষণা করেছিলেন অর্জুন।
অভিনেত্রী, টেলিভিশন সঞ্চালক এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত সাহিবা বালি। ‘লায়লা মজনু’, ‘বার্ড অফ ব্লাড’, ‘তানাভ’ এবং ‘অমর সিং চমকিলা’র মতো ছবিতে ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

সব মিলিয়ে, গুরুদ্বারের ছবি এবং তাঁদের পুরনো খুনসুটি ঘিরে অর্জুন-সাহিবার সম্পর্ক নিয়ে ফের জোর আলোচনা শুরু হয়েছে। তবে সত্যিই কি নতুন সম্পর্কে জড়িয়েছেন অর্জুন, নাকি নিছকই বন্ধুত্ব—সেই উত্তর আপাতত অধরাই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.