বাংলাদেশের বিনোদন জগতে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা সোহেল খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মঙ্গলবার, ২৪ নভেম্বর বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, ‘নাসিব’ ছবির শুটিংয়ের জন্য বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। আগামী ২৫ নভেম্বর ছবির শুটিং শেষ হওয়ার কথা ছিল। শুটিংয়ের জন্য হোটেলেই অন্যান্য কলাকুশলীদের সঙ্গে থাকছিলেন অভিনেতা। মঙ্গলবার সকালে মেকআপ শেষ করে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। প্রোডাকশনের গাড়িও হোটেলের নীচে অপেক্ষা করছিল। কিন্তু তার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।
সূত্রের খবর, অভিনেতাকে ডাকতে হোটেলের ঘরে যান টিমের এক সদস্য। সেখানে গিয়ে তাঁকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
পরিচালক মহম্মদ ইকবাল সমাজমাধ্যমে একটি পোস্ট করে সোহেল খানের মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘুম থেকে উঠে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল। সেই সময়েই ঘটে এই দুর্ঘটনা।
অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশের বিনোদন মহল। শোকবার্তা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘সোহেল ভাই, পরলোকে শান্তিতে থাকুন। আপনাকে নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় করছে।’

বিজ্ঞাপনের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন সোহেল খান। পরবর্তী সময়ে একাধিক নাটক, ধারাবাহিক এবং টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে বাংলাদেশের বিনোদন জগতে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.