বিগ বস বাংলার ঘরে ফের বড়সড় চমক। সপ্তাহের মাঝপথেই অর্থাৎ মিড উইক এভিকশনে বিদায় নিতে চলেছেন এক প্রতিযোগী। আর সেই এভিকশনে ঘর ছাড়ার দৌড়ে ছিলেন ফুটবলার তথা প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস এবং ঝিলম গুপ্ত। বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা, প্রতিযোগীদের ভোটে বিগ বসের ঘর থেকে বিদায় নিয়েছেন দীপেন্দু। যদিও এখনও পর্যন্ত এই খবরের কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি।
মঙ্গলবারের এপিসোডেই জানা যায়, এবারের মতো সপ্তাহের মাঝেই একজন প্রতিযোগীকে ঘর ছাড়তে হবে। সেই কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল ভোটিং লাইন। নমিনেশনে ছিলেন শুধুমাত্র দীপেন্দু এবং ঝিলম। এরপর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয় জল্পনা—শেষ পর্যন্ত কে থাকবেন, আর কাকে বিদায় নিতে হবে?
কীভাবে নমিনেশনে এলেন দীপেন্দু ও ঝিলম?
এই দুই প্রতিযোগীকে সরাসরি নমিনেট করেছিলেন খোদ বিগ বস। শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগীদের কাছে জানতে চেয়েছিলেন, তাঁদের মতে এমন দু’জন কে, যাঁদের খেলায় যোগদান তুলনামূলকভাবে কম। সেখানেই উঠে আসে দীপেন্দু বিশ্বাস এবং ঝিলম গুপ্তের নাম। মজার বিষয়, নিজেদেরও দুর্বল প্রতিযোগী হিসেবে দীপেন্দু ও ঝিলম একে অপরের নাম উল্লেখ করেছিলেন। এরপর সোমবার বিগ বস তাঁদের দু’জনকেই নমিনেট করেন। শেষ পর্যন্ত প্রতিযোগীদের ভোটেই ঠিক হয়, কে থাকবেন এবং কে বিদায় নেবেন।
অল্পের জন্য বাঁচলেন ঝিলম?
বুধবার সকাল থেকে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীপেন্দু বিশ্বাসই এবারের মিড উইক এভিকশনে বিগ বস বাংলা থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ আপাতত রক্ষা পেয়েছেন ঝিলম গুপ্ত। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে বিগ বস কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দর্শকদের একাংশের মতে, ঝিলমও এখনও পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। ‘ইঁদুর’ গান তৈরি করা এবং ঘরের অন্দরমহলে পরনিন্দা-পরচর্চায় অংশ নেওয়া ছাড়া তাঁর বিশেষ কোনও সক্রিয় ভূমিকা চোখে পড়েনি বলেই দাবি দর্শকদের একাংশের। বিগ বসের বিভিন্ন টাস্কেও তাঁর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়কে একাধিকবার ঝিলমকে নিজের খেলায় আরও সক্রিয় হওয়ার জন্য সতর্ক করতেও দেখা গিয়েছে।
কে এই দীপেন্দু বিশ্বাস?
দীপেন্দু বিশ্বাস ভারতীয় ফুটবলের পরিচিত নাম। নব্বইয়ের দশক এবং ২০০০-এর শুরুর দিকে ঘরোয়া ফুটবলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। কলকাতার তিন প্রধান—ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং—তিন ক্লাবের হয়েই খেলার নজির রয়েছে তাঁর। জাতীয় দলের হয়েও খেলেছেন এবং অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। ফুটবলের পাশাপাশি রাজনীতির ময়দানেও পা রাখেন দীপেন্দু। ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন। পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন।

তবে এবার বিগ বস বাংলার ঘরে তাঁর যাত্রা সম্ভবত শেষের পথে। এখন দেখার, শেষ পর্যন্ত দীপেন্দুর বিদায়ের খবরেই বিগ বস কর্তৃপক্ষের সিলমোহর পড়ে কি না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.