খুব শীঘ্রই আসতে চলেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত নতুন সিনেমা ‘গৃহপ্রবেশ’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তারই ফার্স্ট লুক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সিনেমাটির মোশন পোস্টার। যেখান থেকে সিনেমার নাম এবং সেখানে কোন কোন তারকারা অভিনয় করবেন সে বিষয়ে জানা গিয়েছে।
এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী, কৌশিক গাঙ্গুলী, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ প্রমুখ তারকাদের। যদিও এখনো পর্যন্ত সিনেমায় কোন ধরনের গল্প ফুটিয়ে তোলা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে পারিবারিক টানাপোড়েনকেই সেখানে ফুটিয়ে তোলা হবে।
আমরা সকলেই জানি ইন্দ্রদীপ দাশগুপ্ত মানেই নতুন কিছু অপেক্ষা করে দর্শকদের জন্য। সাম্প্রতিক ঘটনাগুলিকে মাথায় রেখেই সিনেমা তৈরি করতে দেখা যায় তাকে। সম্প্রতি যে পোস্টারটি উঠে এসেছে সেখানে দেখা যায় হঠাৎ করেই খুলে যাচ্ছে দরজা, পেছনে রয়েছে ভাঙাচোরা দেওয়াল।
নেপথ্যে বেজে চলেছে তানপুরার মনখারাপি আবহ। যা পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে, ‘গল্প হলো শুরু।’ পোস্টারটা দেখার পর অনেকের ধারণা হয়তো এই সিনেমায় কোনো পুরনো বনেদি বাড়ির কাহিনী ফুটে উঠবে। সময়চক্রে একে অপরের থেকে দূরে সরে যাওয়া সদস্যরা হয়তো ফিরে আসবেন শিকড়ের কাছে।
যদিও এসব আন্দাজমাত্র। কারণ, এই সিনেমা সম্পর্কে কোনো তথ্যই উঠে আসেনি সকলের সামনে। তবে পোস্টার শেয়ার করামাত্রই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। সকলেই আশা করছেন এই সিনেমাটি দর্শকদের বেশ পছন্দ হবে। আপাতত বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.