কলকাতায় দুর্গা পুজো উদ্বোধনে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো উদ্বোধন করলেন তিনি। এরপর কালীঘাট মন্দিরেও পুজো দেন তিনি। কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর তিনি সল্টলেকের EZCC-তে পুজো দিতে যান। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে একাধিক বিষয়ের উপর নিজের বক্তব্য পেশ করেন।
যদিও পুজে উদ্বোধনের আগে বিজেপি কর্মীদের সঙ্গে ছোটো একটি বৈঠক করেন অমিত শাহ। নিউটাউনের একটি হোটেলে বিজেপির নেতৃত্ব সহ একাধিক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য সহ আরও অনেকেই বৈঠকে হাজির ছিলেন। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে রওনা দেন।
এদিন পুজো উদ্বোধন করতে গিয়ে শাহ বলেন, “বাংলায় এমন সরকার হোক, যারা সোনার বাংলা করতে পারে। আমি মায়ের সামনে এই প্রার্থনা করেছি। গড়ে উঠুক কবিগুরুর বাংলা। স্বাধীনতার আগে শিক্ষায় বাংলার অবদান কেউ ভুলতে পারবে না। এখানে ভারী বর্ষণ হয়েছে, ১০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। বিজেপি নেতা-কর্মীরা মৃতদের পরিবারের পাশে আছে।”
এদিন শাহের কথায় স্পষ্ট, আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি কার্যত বাংলায় তাদের প্রস্তুতি শুরু করেছে। আর তার জন্য এদিন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারই দায়িত্ব দিয়ে গেলেন। বাংলায় বিধানসভা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে।