নন্দনে শেষ শ্রদ্ধা, এনটিওয়ানে বিদায়— অনীক দত্তর অন্তিমযাত্রার সূচি প্রকাশ

চলচ্চিত্র পরিচালক অনীক দত্তর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। তাঁর প্রয়াণ ঘিরে যেমন আবেগের আবহ তৈরি হয়েছে, তেমনই সামনে এসেছে একাধিক প্রশ্নও। এরই মধ্যে পরিবারের পক্ষ এবং ঘনিষ্ঠ মহল থেকে প্রকাশ করা হয়েছে পরিচালকের শেষযাত্রার পূর্ণ সূচি।

অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ বৃহস্পতিবার রাতে লিখিত বিবৃতিতে জানান, শুক্রবার সকাল থেকেই বিভিন্ন স্থানে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানানো হবে। সকাল ৯টায় তাঁর মরদেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। সেখান থেকে সকাল ১০টার সময় নিয়ে যাওয়া হবে নন্দনে। এই ঘটনাকে ঘিরে বিশেষ তাৎপর্য খুঁজছেন অনেকে, কারণ একসময় সরকারি সাংস্কৃতিক পরিসরে অনীক দত্তকে উপেক্ষার অভিযোগ উঠেছিল। তাঁর ছবির প্রদর্শন নিয়েও অতীতে বিতর্ক তৈরি হয়েছিল।

নন্দনের পর সকাল ১১টার দিকে প্রয়াত পরিচালকের মরদেহ পৌঁছবে টলিগঞ্জের নিউ থিয়েটার্স ওয়ান বা এনটিওয়ান স্টুডিওতে। সেখানেই সহকর্মী, বন্ধু, শিল্পী মহল এবং অনুরাগীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন। পরিবারের তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাধারণের জন্য শ্রদ্ধাজ্ঞাপনের ব্যবস্থা থাকবে।

দুপুর ১টার সময় শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিদেশে থাকা মেয়ের ফেরার অপেক্ষাতেই শেষকৃত্যের সময় নির্ধারণ করা হয়। অনীকের প্রাক্তন স্ত্রী এবং মেয়ে যৌথভাবে বিবৃতি দিয়ে অনুরাগীদের শেষযাত্রায় উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন।

অন্যদিকে, পরিচালকের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে পুলিশি তদন্তও। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের আবাসন থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট বলে দাবি তদন্তকারীদের। জানা গিয়েছে, একটি বইয়ের ভিতরে খামে ভরা অবস্থায় সেই চিঠি পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, চিঠিটি মেয়েকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। সেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি পরিচালক।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই ফরেন্সিক টিম কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহের পাশাপাশি ছাদ থেকে ডামি ফেলে পরীক্ষাও চালানো হয়েছে। তদন্তকারীরা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সমস্ত দিক খতিয়ে দেখছেন।

‘ভূতের ভবিষ্যৎ’, ‘অপরাজিত’-এর মতো ছবির মাধ্যমে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অনীক দত্ত। তাঁর মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের কাছে বড় ক্ষতি বলেই মনে করছেন শিল্পীমহল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক