ক্রমবর্ধমান বায়ুদূষণ শুধু শ্বাসযন্ত্র বা হৃদ্রোগের ঝুঁকি বাড়াচ্ছে না, গর্ভস্থ শিশুর সুস্থ বিকাশের উপরও গভীর প্রভাব ফেলতে পারে। চিকিৎসক ও গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাতাসে থাকা অতিক্ষুদ্র দূষিত কণা মায়ের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করে প্লাসেন্টা পর্যন্ত পৌঁছতে সক্ষম, যা ভ্রূণের বৃদ্ধি ও অঙ্গ গঠনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্লাসেন্টার মাধ্যমে দূষিত কণার প্রবেশ
গর্ভাবস্থায় প্লাসেন্টা মায়ের শরীর থেকে শিশুর কাছে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয়। তবে বাতাসে থাকা পিএম ২.৫ এবং পিএম ১০-এর মতো সূক্ষ্ম দূষিত কণাগুলি মায়ের ফুসফুস ও রক্তপ্রবাহের মাধ্যমে প্লাসেন্টায় পৌঁছে যেতে পারে। এর ফলে সেই ক্ষতিকর উপাদান ভ্রূণের শরীরেও প্রবেশের আশঙ্কা তৈরি হয়।

জিনের কার্যকারিতায় প্রভাব
বিশেষজ্ঞদের মতে, দূষণের কারণে ভ্রূণের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী কিছু গুরুত্বপূর্ণ জিনের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হতে পারে। এর ফলে শিশুর শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ এবং ভবিষ্যতের মানসিক সক্ষমতার উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়।
রক্ত সঞ্চালন ও পুষ্টি সরবরাহে বাধা
দূষিত কণার প্রভাবে প্লাসেন্টার রক্তনালির স্বাভাবিক গঠন ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে মায়ের শরীর থেকে ভ্রূণের কাছে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছতে সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন এমন পরিস্থিতি চললে গর্ভের শিশুর বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় ধীর হয়ে যেতে পারে।
মস্তিষ্কের বিকাশে আশঙ্কা
গবেষণায় উঠে এসেছে, দূষণের কারণে ভ্রূণের স্নায়ুতন্ত্রের গঠন বাধাগ্রস্ত হতে পারে। এর প্রভাবে জন্মের পর শিশুর শেখার ক্ষমতা, বুদ্ধিবৃত্তিক বিকাশ কিংবা আচরণগত সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গর্ভাবস্থায় সম্ভাব্য ঝুঁকি
বায়ুদূষণের প্রভাবে নির্ধারিত সময়ের আগেই শিশুর জন্ম হতে পারে এবং জন্মের সময় ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া জন্মের পর শ্বাসকষ্টজনিত সমস্যা, ভবিষ্যতে হাঁপানি বা দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।
অন্যদিকে, অন্তঃসত্ত্বা মায়ের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যাওয়ায় মা ও গর্ভস্থ শিশু—উভয়ের জন্য জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। দূষিত পরিবেশে দীর্ঘ সময় বসবাস করলে গর্ভপাতের আশঙ্কাও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
প্রাণী পরীক্ষায় কী দেখা গিয়েছে?
প্রাণীভিত্তিক গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থায় দূষণের সংস্পর্শে আসা সন্তানের পরবর্তী জীবনে স্নায়বিক সমস্যা, আচরণগত পরিবর্তন এবং শেখার ক্ষমতায় প্রভাব পড়তে পারে। যদিও মানুষের ক্ষেত্রে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে, তবুও এই তথ্যগুলি ভবিষ্যৎ জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
দূষণ থেকে সুরক্ষায় করণীয়
বিশেষজ্ঞরা গর্ভবতী নারীদের অতি দূষিত এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত কমানোর পরামর্শ দিচ্ছেন। প্রয়োজন হলে মানসম্মত মাস্ক ব্যবহার, ঘরের ভিতরে পরিষ্কার বাতাস বজায় রাখা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারি ও সামাজিক উদ্যোগ জোরদার করাও সময়ের দাবি।
গর্ভস্থ শিশুর সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব যে কতটা, সাম্প্রতিক গবেষণা ও চিকিৎসকদের পর্যবেক্ষণ তা আরও একবার সামনে এনে দিল।