কলকাতার জোড়াসাঁকো এলাকায় রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়িকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভোরের দিকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা কলেজ স্ট্রিট সংলগ্ন তাঁর বাসভবনে পৌঁছন। এরপর থেকেই এলাকায় কৌতূহল ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রের দাবি, সকাল ছ’টা নাগাদ পুলিশ সেখানে পৌঁছলেও দীর্ঘ সময় ধরে বাড়ির দরজা খোলা হয়নি। পুলিশ আধিকারিকরা কাউন্সিলরের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যান। বাড়ির বাইরে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়।
যদিও এই পদক্ষেপের সুনির্দিষ্ট কারণ নিয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে এলাকার একটি সাম্প্রতিক মামলার সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, এক নাবালিকাকে হেনস্থার ঘটনায় কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তিকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। সেই মামলার তদন্তের সূত্র ধরেই কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চাইছেন তদন্তকারীরা বলে অনুমান করা হচ্ছে।
পুলিশের উপস্থিতির খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর বহু স্থানীয় বাসিন্দা কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হন। তাঁদের মধ্যে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং কাউন্সিলরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। কিছু বিক্ষোভকারী হাতে ডিম নিয়েও সেখানে উপস্থিত হন বলে জানা গেছে। পরিস্থিতির উপর নজর রাখতে পুলিশ মোতায়েন রাখা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরকে বিভিন্ন অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতেই পাটুলি এলাকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তোলাবাজির অভিযোগে আটক করা হয়। সেই ঘটনার পরদিনই জোড়াসাঁকোর এই পুলিশি তৎপরতা নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ঘটনার তদন্ত ও পুলিশি পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক মহলের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.