ওজস্বী কণ্ঠে সরস্বতী স্তোত্র, কৌশিকীর সুরমূর্ছনায় মুখরিত ‘বছরের বেস্ট ২০২৬’

আলো-আঁধারির আবহে পিনপতন নীরবতা। ধীরে ধীরে অন্ধকার ভেদ করে উজ্জ্বল হয়ে উঠল মঞ্চ। সেই মুহূর্তেই ভেসে এল সরস্বতী স্তোত্রের সুর। ওজস্বী কণ্ঠে মিশ্র গোরখ কল্যাণ রাগে দেবীবন্দনা পরিবেশন করে শ্রোতাদের যেন এক অলৌকিক অনুভূতির জগতে পৌঁছে দিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী। শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ অনুষ্ঠানের সূচনা হল তাঁর সুরমূর্ছনায়।

‘বছরের বেস্ট’-এর উদ্বোধনী পর্বে সঙ্গীত বরাবরই একটি বিশেষ আবহ তৈরি করে এসেছে। সেই ঐতিহ্য বজায় রেখেই এ বছর অনুষ্ঠানের সূচনা হয় দেবীবন্দনার মাধ্যমে। প্রথম পর্বে মিশ্র গোরখ কল্যাণ রাগে সরস্বতী বন্দনা এবং দ্বিতীয় পর্বে চারুকেশী রাগে দুর্গাবন্দনা পরিবেশন করেন কৌশিকী। ‘জয় জয় জগ জননী দেবী’ স্তোত্রে তাঁর গায়কি যেন মহাশক্তির আবাহন ঘটায়। গানজুড়ে ছিল একাধিক সরগম ও তানের মনোমুগ্ধকর ব্যবহার।

দুর্গাবন্দনায় কৌশিকীর সঙ্গে সঙ্গত করেন প্রয়াত তবলাবাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পুত্র আর্চিক বন্দ্যোপাধ্যায়। গিটারে ছিলেন সঞ্জয় দাস। তাঁদের সঙ্গত কৌশিকীর অনুশীলিত গায়নশৈলী ও উদাত্ত কণ্ঠকে আরও সমৃদ্ধ করে তোলে।

অনুষ্ঠান শেষে কৌশিকী জানান, সাধারণত কোনও পুরস্কার বিতরণী মঞ্চে তিনি গান পরিবেশন করেন না। তবে আয়োজকদের অনুরোধে তিনি দ্বিতীয়বার ভাবেননি। তাঁর কথায়, “আমাকে বিশেষভাবে দেবীবন্দনা দিয়ে অনুষ্ঠান শুরু করতে বলা হয়েছিল। সেটি যেন শুধুমাত্র গান না হয়ে প্রার্থনার মতো শোনায়, সেই ভাবনাই ছিল। তাই সূচনায় বেছে নিয়েছি সরস্বতীবন্দনা এবং দ্বিতীয় গানে দুর্গাবন্দনা। শাস্ত্রীয় সঙ্গীতের আধারে তার উপস্থাপনা করেছি।”

কৌশিকীর কণ্ঠে দেবভাষার স্তোত্র সভাগৃহে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী বলেন, “প্রথম ‘সা’ শুনেই বুঝে গিয়েছিলাম, এই কণ্ঠ কৌশিকীদিরই। কয়েক মিনিটের মধ্যেই তিনি গোটা দর্শকাসনকে বিমোহিত করে ফেলেছিলেন। আমরা শুধু শুনছিলাম।”
অন্যদিকে, সরস্বতী বন্দনার সময় উপস্থিত না থাকলেও দুর্গাবন্দনা শুনে আপ্লুত হন গায়িকা ইমন চক্রবর্তী। পরে মঞ্চের পিছনে কৌশিকীর সঙ্গে দেবীস্তুতিতে অংশ নেওয়ার অভিজ্ঞতা ভাগ করে তিনি বলেন, “আমি সত্যিই অভিভূত। কৌশিকীদির গানের ব্যাখ্যা করা সম্ভব নয়। তাঁর সঙ্গে একসঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে।”

‘থ্রি ইডিয়ট্‌স’-এর সময় সোনম ওয়াংচুককে চিনতেন না? আমির খানের মন্তব্য ঘিরে ফের বিতর্ক

ওজস্বী কণ্ঠ, শাস্ত্রীয় সঙ্গীতের মাধুর্য এবং দেবীস্তোত্রের আবহ— সব মিলিয়ে ‘বছরের বেস্ট ২০২৬’-এর সূচনা হয়ে উঠল এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক