বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে সম্পর্কের সমীকরণ যেন প্রতিদিনই বদলাচ্ছে। গত কয়েকদিন ধরে জীতু কামাল ও সৃজলা গুহর ঘনিষ্ঠতা নজর কেড়েছে দর্শকদের। অভিনেত্রীর প্রতি নিজের মনের কথা প্রকাশ করতেও পিছপা হননি ‘অপরাজিত’ খ্যাত অভিনেতা। যদিও সৃজলার তরফে এখনও স্পষ্ট কোনও স্বীকৃতি মেলেনি। তবে দু’জনের ঘনিষ্ঠতা দেখে অনেকেই তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু করেছেন। এরই মধ্যে দুর্নিবার সাহাকে কেন্দ্র করে জীতু ও সৃজলার মধ্যে শুরু হল তুমুল বচসা।
মঙ্গলবারের পর্বে জীতুর কথাবার্তায় স্পষ্ট হয়ে যায়, সৃজলার কিছু আচরণে তিনি যথেষ্ট বিরক্ত। অভিনেতার অভিযোগ, সৃজলা যাঁদের বিরুদ্ধে কথা বলেন, কিছুক্ষণ পর তাঁদের সঙ্গেই আবার হাসি-মশকরা করতে শুরু করেন। তাই অভিনেত্রীর উপর আর ভরসা করতে পারছেন না তিনি। এমনকী জীতুকে বলতে শোনা যায়, “আমার মনে হচ্ছে আমি আর দুর্নিবার একই নৌকোয় আছি।” তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।
মঙ্গলবারের পর্বের শুরুতেই জীতুকে দুর্নিবারের প্রসঙ্গ টেনে নিজের মনের কথা বলতে শোনা যায়। অন্যদিকে, সৃজলা ও জীতুকে দেখা যায় দু’জন দু’প্রান্তে রয়েছেন। পরে জীতুর কাছে গিয়ে অভিনেত্রী জানতে চান, তাঁর সমস্যাটা ঠিক কোথায়। জবাবে জীতু জানান, সৃজলা তাঁকে খেতে না বলায় তাঁর খারাপ লেগেছে। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দু’জনকেই উচ্চস্বরে কথা বলতে দেখা যায়।
সৃজলার সঙ্গে কথা বলতে গিয়ে জীতু বলেন, তাঁর মনে হচ্ছে তিনি অভিনেত্রীর বন্ধু পর্যন্ত নন। এমনকী সৃজলার বন্ধুত্ব পাওয়ার জন্যও নাকি বারবার পরীক্ষার মুখে পড়তে হয় তাঁকে। জীতুর কথায়, “আমি এসবের মধ্যে নেই।” কথোপকথনে একাধিকবার উঠে আসে দুর্নিবার সাহার নামও।
তবে ঝগড়া হলেও সম্পর্কের সমীকরণ যে একেবারে বদলে গিয়েছে, তা বলা যাচ্ছে না। কারণ, টাস্ক চলাকালীন ফের একে অপরের কাছাকাছি আসতে দেখা যায় জীতু ও সৃজলাকে। ফলে তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। এদিকে জীতুর সাম্প্রতিক আচরণ নিয়েও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একাংশ অভিনেতার আচরণকে ‘টক্সিক’ বলে কটাক্ষ করেছেন। কেউ কেউ আবার তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতার বিচ্ছেদের সিদ্ধান্তকে সমর্থন করে মন্তব্য করেছেন। অন্যদিকে, সৃজলাকেও ছেড়ে কথা বলছেন না অনেকে। তাঁদের দাবি, অভিনেত্রী নাকি নিজের সুবিধা বুঝেই অন্যদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন।

সব মিলিয়ে বিগ বস বাংলার ঘরে জীতু, সৃজলা ও দুর্নিবারকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আগামী পর্বে এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.