৮ বছরের লিভ ইন, দুই সন্তানের জন্মের পর অবশেষে বিয়ে করলেন অর্জুন-গ্যাব্রিয়েলা!

সমস্ত জল্পনার অবসান। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে আইনি বিবাহ সারলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী, মডেল-ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডস। শুক্রবার উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার অফিসে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। এটি অর্জুনের দ্বিতীয় বিয়ে। জানা গিয়েছে, একেবারেই ঘরোয়া ও গোপনীয়ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সাধারণ পোশাকেই তাঁরা রেজিস্ট্রি অফিসে পৌঁছন। গোয়ার ইউনিফর্ম সিভিল কোড (UCC)-এর অধীনে তাঁদের বিয়ে নথিভুক্ত হয়েছে।

স্থানীয় নিয়ম অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের ব্যবধান থাকা প্রয়োজন। তবে বিশেষ অনুমতি নিয়ে সেই সময়সীমা থেকে ছাড় পান তারকা দম্পতি। সাব-রেজিস্ট্রার সূরজ ভার্নেকরের জানিয়েছেন, আগামী ১৫ দিন পর তাঁদের হাতে বিয়ের সরকারি শংসাপত্র তুলে দেওয়া হবে। ২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে অর্জুন ও গ্যাব্রিয়েলার পরিচয়। এরপর ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গ্যাব্রিয়েলার সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করেন অর্জুন।

এই দীর্ঘ সম্পর্কের মধ্যে তাঁদের দুই সন্তানও রয়েছে। ২০১৯ সালে জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান অরিক। ২০২৩ সালে তাঁদের পরিবারে আসে ছোট ছেলে অরিভ। অর্জুনের প্রথম পক্ষেরও দুই কন্যা রয়েছে—মাহিকা ও মাইরা। ফলে বিয়ের পর তাঁদের পরিবার আরও এক নতুন অধ্যায়ে প্রবেশ করল।

বিয়ের আগে অবশ্য তাঁদের সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে জল্পনা ছিলই। গত বছরের শেষে রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হয়ে অর্জুন জানিয়েছিলেন, তিনি ও গ্যাব্রিয়েলা ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। সেই অনুষ্ঠানে গ্যাব্রিয়েলা বলেছিলেন, তাঁরা তখনও বিবাহিত নন। উত্তরে অর্জুন জানান, তাঁরা অবশ্যই বাগদান করেছেন। সেই কথোপকথনের পর থেকেই কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি, তা নিয়ে কৌতূহল ছিল অনুরাগীদের। অবশেষে সেই অপেক্ষার অবসান হল।

বর্তমানে গোয়ার সুকোরো গ্রামে পরিবার নিয়ে থাকেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা ভারতীয় কয়েকটি মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন।

অন্যদিকে অভিনয়েও ব্যস্ত অর্জুন। সম্প্রতি আদিত্য ধরের ছবি ‘ধুরন্ধর’-এ তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের দুই দিকেই নতুন অধ্যায়ে পা রাখলেন অভিনেতা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক