দিল্লিতে ফের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। দক্ষিণ দিল্লির কালকাজি মন্দির ও ইস্কন মন্দিরের মাঝামাঝি একটি এলাকার পার্কে ১৭ বছরের এক কিশোরীকে তিন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ঘটনার পর দ্রুত তদন্তে নামে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক অভিযুক্তকে চিহ্নিত করার পর তাকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়। শেষ পর্যন্ত ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে।
কীভাবে ঘটল ঘটনা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ এক বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে গিয়েছিল ওই ১৭ বছরের কিশোরী। পুজো দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মন্দিরের কাছের একটি পার্কে যায় তারা। অভিযোগ, সেখানেই ২৫ থেকে ৩০ বছর বয়সি তিন ব্যক্তি তাদের কাছে আসে।
অভিযুক্তরা নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয় বলে অভিযোগ। এরপর আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে কিশোরীকে ভয় দেখানো হয়। তার পরেই তিনজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি কাউকে জানালে পরিণতি ভাল হবে না বলেও কিশোরী এবং তার বন্ধুকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ ঘটনার বিষয়ে পুলিশের কাছে PCR কল আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিশোরীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ
ঘটনার পরই অভিযুক্তদের শনাক্ত করতে পার্ক এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন তদন্তকারীরা। ঘটনার সময় পার্ক ও তার আশপাশে কারা উপস্থিত ছিলেন, সেই তথ্যও সংগ্রহ করা হয়। অভিযুক্তদের গ্রেফতার করতে একাধিক পুলিশ দল গঠন করা হয়। তদন্তের মধ্যেই পুলিশ জানতে পারে, অভিযুক্তদের মধ্যে একজন অমর কলোনির ডিএম অফিস রোডের কাছে রয়েছে। সেখানে পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত গুলি চালায় বলে পুলিশের দাবি।
পুলিশের সঙ্গে গুলির লড়াই, গ্রেফতার এক
পুলিশের দাবি, আত্মসমর্পণ করতে বলা হলেও অভিযুক্ত তিন রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে তার ডান পায়ে গুলি লাগে। আহত অবস্থাতেই তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাকি দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
১০ দিনে ধর্ষণের অভিযোগের চতুর্থ ঘটনা
গত ১০ দিনের মধ্যে দিল্লিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগের একাধিক ঘটনা সামনে এসেছে। ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরে ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিনজন নাবালক বলে জানা যায়। এরপর ১৬ সেপ্টেম্বর উত্তর দিল্লির সদর বাজার এলাকায় একটি দোকানের ভিতরে ষষ্ঠ শ্রেণির ১০ বছরের এক ছাত্রীকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। ২১ সেপ্টেম্বর বিহারের কিষনগঞ্জের ১৫ বছরের এক কিশোরীকে দিল্লিতে প্রায় দু’মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগও প্রকাশ্যে আসে।
এর মধ্যেই কালকাজির কাছে পার্কে ১৭ বছরের কিশোরীকে তিন ব্যক্তি পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠল। ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার হলেও বাকি দু’জন এখনও পলাতক। তাদের সন্ধানে তদন্ত চালাচ্ছে দিল্লি পুলিশ।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.