টলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবার আলোচনার কেন্দ্রে জনপ্রিয় টেলিভিশন জুটি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। শোনা যাচ্ছে, আগামী ১৩ ডিসেম্বর নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। যদিও এই খবরের সত্যতা এখনও নিশ্চিত করেননি দু’জনের কেউই। তবে সম্প্রতি কলকাতা বিমানবন্দরে সাহেবের একটি মন্তব্য নতুন করে উসকে দিয়েছে বিয়ের জল্পনা।
সম্প্রতি নিজের ধারাবাহিক ‘তিলোত্তমা’-র প্রচারে মুম্বইয়ে ‘বিগ বস বাংলা’-র বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এ অংশ নিতে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা দে। সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেত্রী আলেখ্যা। মুম্বই থেকে কলকাতায় ফেরার পর মধ্যরাতে বিমানবন্দরে সুস্মিতাকে নিতে হাজির হন সাহেব ভট্টাচার্য। প্রিয় জুটিকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই বিয়ের প্রসঙ্গ তুলে ধরেন সাংবাদিকরা।
আগামী ১৩ ডিসেম্বর কি সত্যিই চার হাত এক হতে চলেছে? সাংবাদিকদের এই প্রশ্ন শুনে প্রথমে হেসে ফেলেন সাহেব। মজার ছলে অভিনেতা বলেন, ‘এই নিয়ে বোধহয় পাঁচ নম্বর বিয়ে এটা!’ এরপর অবশ্য বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সাহেব জানান, সংবাদমাধ্যমের সঙ্গে তাঁদের সম্পর্ক বরাবরই ভালো। কাজের ক্ষেত্রে সাংবাদিকদের অবদানও অনেক। তাই জীবনে বিয়ের মতো কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা সংবাদমাধ্যমের কাছ থেকে লুকিয়ে রাখার কোনও কারণ নেই। অভিনেতার কথায়, ‘যদি এমন কিছু হয়, তোমাদের সবাইকে জানাব। জানাব না কেন? চুরি তো করছি না।’
সাহেবের এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে ১৩ ডিসেম্বর বিয়ের দিন চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে অভিনেতা সরাসরি কোনও নিশ্চয়তা দেননি।
উল্লেখ্য, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র সেট থেকেই সাহেব ও সুস্মিতার পরিচয়। একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের বন্ধুত্ব তৈরি হয়। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব আরও গভীর হয় বলে শোনা যায়। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে উৎসবের মুহূর্ত, একাধিক জায়গাতেই একসঙ্গে দেখা যায় এই জুটিকে।
টলিপাড়ার অন্দরে কানাঘুষো, বিয়ের পরিকল্পনা সত্যি হলে কলকাতাতেই বসতে পারে বিয়ের আসর। সাবেকি বাঙালি রীতিনীতি মেনেই নতুন জীবন শুরু করতে পারেন তাঁরা। যদিও এই বিষয়ে দুই পরিবারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।

কাজের দিক থেকে বর্তমানে স্টার জলসার ‘গঙ্গা’ ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন সাহেব। অন্যদিকে ‘তিলোত্তমা’ ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। এখন দেখার, ১৩ ডিসেম্বরের বিয়ের খবর শেষ পর্যন্ত সত্যি হয়, নাকি নিছকই টলিপাড়ার আরও একটি জল্পনা হয়েই থেকে যায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.