বলিউডে কাজের ব্যস্ততার মাঝেও মাতৃত্বের দায়িত্ব পালনে কোনও খামতি রাখেন না অভিনেত্রী আলিয়া ভাট। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন, দুই দিকই সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি। এবার মেয়ের এই দায়িত্ববোধের প্রশংসায় পঞ্চমুখ হলেন পরিচালক তথা বাবা মহেশ ভাট। এমনকী নাতনি রাহার জন্য শুটিং সেটে তৈরি বিশেষ ভ্যানিটি রুম দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন তিনি।
বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী আলিয়া। একের পর এক ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন। অন্যদিকে, কাজের ব্যস্ততার মাঝেও মেয়ে রাহাকে সময় দিতে ভোলেন না অভিনেত্রী। শুটিংয়ের প্রয়োজনে বাইরে থাকতে হলেও মেয়েকে নিজের কাছেই রাখার চেষ্টা করেন তিনি। সেই কারণেই শুটিং সেটে রাহার জন্য রয়েছে আলাদা একটি ভ্যানিটি রুম।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়েই মুখ খুলেছেন মহেশ ভাট। তিনি জানিয়েছেন, আলিয়ার সঙ্গে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় রাহার জন্য তৈরি বিশেষ ঘরটি তাঁর নজরে আসে। আলিয়া বাবাকে সেই ঘরে গিয়ে বসার আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু ঘরটির পরিবেশ দেখে সেখানে যেতে চাননি মহেশ।
পরিচালকের কথায়, রাহার জন্য তৈরি ঘরটি ছিল অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন। দেখে মনে হচ্ছিল যেন কোনও নার্সারি স্কুল। তাঁর কাছে ঘরটির পরিবেশ ছিল মন্দিরের মতো পবিত্র। মজা করে মহেশ বলেন, সেখানে তাঁর মতো বয়স্ক মানুষের জায়গা নেই। আলিয়ার এই উদ্যোগ তাঁকে বিশেষভাবে মুগ্ধ করেছে।
শুধু মেয়ের প্রশংসা করেই থেমে থাকেননি মহেশ ভাট। বর্তমান প্রজন্মের অভিনেত্রীদেরও কুর্নিশ জানিয়েছেন তিনি। তাঁর মতে, এখনকার অভিনেত্রীরা একদিকে যেমন পেশাগত দায়িত্ব সামলাচ্ছেন, তেমনই সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রেও সমান যত্নশীল। এমনকী সন্তানকে সঙ্গে নিয়েই আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তাঁরা।

প্রসঙ্গত, সম্প্রতি মেয়ে রাহাকে সঙ্গে নিয়ে মিলানে গুচির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া। কাজের পাশাপাশি মেয়েকে নিজের জীবনের অংশ করে রাখার এই প্রচেষ্টাই বাবার চোখে তাঁকে আরও বিশেষ করে তুলেছে। মহেশ ভাটের এই মন্তব্যের পর ফের আলোচনায় উঠে এসেছে আলিয়ার মাতৃত্ব ও কেরিয়ারের ভারসাম্য বজায় রাখার বিষয়টি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.