সোশ্যাল মিডিয়ায় হাসি-মজা আর গান নিয়েই বরাবর চর্চায় থাকেন ইনফ্লুয়েন্সর ঝিলম গুপ্ত। তাঁর গম্ভীর মুখে মজার কথা বলার ভঙ্গি এবং মুহূর্তের মধ্যে গান তৈরি করার প্রতিভা বরাবরই নেটিজেনদের আকর্ষণ করেছে। কিন্তু সেই হাসিখুশি মানুষটির মনেই যে এতটা কষ্ট জমে রয়েছে, তা সম্প্রতি প্রকাশ্যে এল। দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরলেন ঝিলম। জানালেন, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কটাক্ষ ও নেতিবাচক মন্তব্য তাঁকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে।
সম্প্রতি ‘বিগ বস বাংলা’র প্রতিযোগী হিসেবে দর্শকদের সামনে এসেছিলেন ঝিলম। শো চলাকালীন তাঁর গান এবং দুর্নিবার সাহার সঙ্গে যুগলবন্দি বেশ প্রশংসা কুড়িয়েছিল। তবে একইসঙ্গে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল নানা বিতর্ক। অনেকেই মনে করেছিলেন, এই রিয়্যালিটি শোয়ের যোগ্য প্রতিযোগী নন তিনি। শো থেকে বেরিয়ে আসার পরেও অবশ্য সমালোচনা থামেনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জনপ্রিয়তা, বিভিন্ন বিষয় নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।
এবার সেই অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন ঝিলম। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়া ব্যবহার না করলে হয়তো কোনওদিন বুঝতেই পারতেন না যে তাঁকে ঘিরে এতটা ঘৃণা জমে রয়েছে। নিজের পোস্টে তিনি লেখেন, প্রতিদিন তাঁর বিভিন্ন ভিডিওর কমেন্টে অসংখ্য মানুষ এমন সব মন্তব্য করেন, যা তাঁকে মানসিকভাবে আঘাত করে। এমনকী অনেকে তাঁর জন্মকে পাপ বলে উল্লেখ করেন এবং মৃত্যু কামনা করেন। এই ধরনের মন্তব্য চোখের সামনে এলে নিজেকে অসহায় মনে হয় বলেও জানিয়েছেন তিনি।
ঝিলমের বক্তব্য, তিনি কোনও অপরাধ করেননি। কারও অধিকার কেড়ে নেননি কিংবা কারও ক্ষতি করেননি। তাঁর অপরাধ বলতে একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করা এবং সেখানে কিছু মানুষের তাঁকে পছন্দ না হওয়া। অথচ সেই অপছন্দ থেকেই তাঁকে ঘিরে এমন ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে, যা মেনে নেওয়া কঠিন।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে ‘বিগ বস বাংলা’ থেকে মাঝপথেই সরে দাঁড়াতে হয়েছিল ঝিলমকে। গলব্লাডারে পাথর ধরা পড়ায় পুজোর আগেই শো ছেড়ে বেরিয়ে আসেন তিনি। দুর্গাপুজোর সময় বান্ধবী পৌলমী গুহর সঙ্গে তাঁকে প্যান্ডেল হপিং করতেও দেখা যায়। এরপর পুজো মিটতেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ঝিলম। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠলে বান্ধবী পৌলমীর সঙ্গে দার্জিলিংয়ের সিটংয়ে ঘুরতে যান তিনি। পাহাড়ে দু’জনের আনন্দঘন মুহূর্তও নজর কেড়েছিল নেটিজেনদের। কিন্তু সেই ভ্রমণ থেকে ফিরে ফের এমন মনখারাপের পোস্ট কেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে সোশ্যাল মিডিয়ায় পাওয়া নেতিবাচক মন্তব্যই যে তাঁর মানসিক কষ্টের অন্যতম কারণ, তা স্পষ্ট করে দিয়েছেন ঝিলম।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.