নিয়মিত শরীরচর্চার পরে সঠিক খাবার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়ামের সময় পেশিতে যে চাপ পড়ে, তা কাটিয়ে উঠতে প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন, জটিল শর্করা এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান। তাই একঘেয়ে ডায়েটের বদলে মুরগির মাংস, লাউ ও কিনোয়া দিয়ে তৈরি একটি সহজ স্টার ফ্রাই হতে পারে স্বাস্থ্যকর বিকল্প।
কেন এই পদ উপকারী?
মুরগির মাংস

চর্বি তুলনামূলক কম এবং উচ্চমানের প্রোটিনে সমৃদ্ধ মুরগির মাংস পেশির পুনর্গঠন ও পুনরুদ্ধারে সহায়ক। পাশাপাশি এটি শরীরকে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডও সরবরাহ করে।
লাউ
লাউয়ে জল ও পটাশিয়ামের পরিমাণ বেশি, যা শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। গরমের দিনে বা ব্যায়ামের পরে এটি শরীরকে স্বস্তি দিতে পারে এবং পুষ্টির ঘাটতি পূরণেও ভূমিকা রাখে।
কিনোয়া
কিনোয়া প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিড্যান্টের ভালো উৎস। এতে প্রয়োজনীয় অনেক অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং এর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করতে পারে।
সহজ রেসিপি
উপকরণ:
*হাড়ছাড়া মুরগির মাংস (ছোট টুকরো)
*লাউ কুচি
*সেদ্ধ কিনোয়া
*আদার রস
*পাতিলেবুর রস
*রসুন ও পেঁয়াজ কুচি
*নুন, হলুদ, কাঁচালঙ্কা
*অল্প তেল
*স্বাদমতো সয়া সস
প্রণালী: প্রথমে মুরগির টুকরোগুলো আদার রস, নুন ও পাতিলেবুর রসে কিছুক্ষণ মেখে রাখুন। এরপর অল্প তেলে রসুন ও পেঁয়াজ ভেজে মুরগি দিয়ে নাড়ুন। মাংস আধসেদ্ধ হলে লাউ যোগ করে মশলা মিশিয়ে রান্না করুন। শেষে সেদ্ধ কিনোয়া ও সামান্য সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন।
কেন ডায়েটে রাখতে পারেন?
এই পদে প্রোটিন, জটিল শর্করা ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ভালো সমন্বয় রয়েছে। ফলে শরীরচর্চার পরে শক্তি পুনরুদ্ধার, পেশির পরিচর্যা এবং দীর্ঘক্ষণ তৃপ্তি বজায় রাখতে এটি একটি ভারসাম্যপূর্ণ রাতের খাবার হিসেবে বিবেচিত হতে পারে। তবে ব্যক্তিগত স্বাস্থ্য, ক্যালোরির প্রয়োজন ও খাদ্যাভ্যাস অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা উচিত এবং প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.