জলের ওপর হঠাৎ দেখা দিল একটি আস্ত দ্বীপ! অথচ সেখানে দ্বীপটির অস্তিত্ব ছিল না। বরং জানা যাচ্ছে, সেটি ছিল প্রায় ২৮ কিলোমিটার দূরে। আচমকা জলাধারের অন্য প্রান্তে দ্বীপটিকে ভেসে উঠতে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি জলাধারে।
দূর থেকে দেখলে মনে হবে, জলাধারের মাঝখানে যেন ছোটখাটো একটি স্থায়ী দ্বীপ তৈরি হয়েছে। সেখানে রয়েছে গাছপালাও। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি কোনও স্থায়ী ভূখণ্ড নয়। মূলত পচা কাঠ, গাছের অংশ এবং জলজ উদ্ভিদের সমন্বয়ে তৈরি ভাসমান এই দ্বীপটি জলের উপর ভেসে বেড়াচ্ছে।
জানা গিয়েছে, জলাধারের জলস্তরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ভাসমান দ্বীপটির অবস্থানও বদলে যেতে পারে। কখনও সেটি জলের উপরে উঠে আসে, আবার জল বেড়ে গেলে সম্পূর্ণভাবে জলের তলায় চলে যেতে পারে। পরে স্রোতের টানে সেটি অন্য কোনও জায়গায় ভেসে উঠতেও পারে। ফলে বর্তমানে যে জায়গায় দ্বীপটিকে দেখা যাচ্ছে, সেখানেই যে সেটি থাকবে, তার কোনও নিশ্চয়তা নেই।
আরও পড়ুন,
শিক্ষক দিবসের দিনেই ঝোপজঙ্গল থেকে উদ্ধার বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, বারুইপুরে উঠল প্রশ্ন
এই অস্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য দেখতে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। ভাসমান দ্বীপটির কোনও স্থায়ী ভিত্তি নেই। ফলে সেখানে পা রাখলে আচমকা ভারসাম্য হারিয়ে জলে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে।
প্রশাসনের নির্দেশ, কৌতূহল থাকলেও কেউ যেন দ্বীপটির উপরে ওঠার চেষ্টা না করেন। নিরাপদ দূরত্ব থেকে সেটিকে দেখতে বলা হয়েছে। কারণ মুহূর্তের মধ্যে দ্বীপটি ডুবে যেতে পারে, নিজের অবস্থান বদলে ফেলতে পারে কিংবা স্রোতের সঙ্গে অন্যত্র চলে যেতে পারে।
আরও পড়ুন,
সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ঢাকুরিয়ার সুইমিং ক্লাবে জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের
এক জায়গায় থাকা কোনও স্থায়ী দ্বীপ নয়, বরং প্রকৃতির নানা উপাদানে তৈরি এমন ভাসমান দ্বীপ অত্যন্ত বিরল। তাই ব্রিটিশ কলম্বিয়ার জলাধারে হঠাৎ এমন একটি দ্বীপের আবির্ভাব স্থানীয়দের কাছে যেমন বিস্ময়ের, তেমনই বিজ্ঞানীদের কাছেও এটি আকর্ষণীয় একটি প্রাকৃতিক ঘটনা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.