তামার সন্ধানে মাটির গভীরে খনন চালাতে গিয়েই মিলল অবিশ্বাস্য আবিষ্কার। চিনের ইনার মঙ্গোলিয়া এলাকায় মাটির প্রায় ১,৫০০ ফুট গভীর থেকে উদ্ধার হয়েছে ডাইনোসরের জীবাশ্ম। গবেষকদের হিসাব অনুযায়ী, ওই জীবাশ্মের বয়স প্রায় সাড়ে ১১ কোটি বছর।
জানা গিয়েছে, ওই এলাকায় মাটির গভীরে তামা-সহ বিভিন্ন ধাতুর উপস্থিতি খুঁজে দেখতে ড্রিলিংয়ের কাজ শুরু হয়েছিল। বিশেষ যন্ত্রের সাহায্যে মাটির প্রায় ১,৫০০ ফুট গভীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে গবেষকদের আশা ছিল, সেই নমুনায় হয়তো তামা বা অন্য কোনও ধাতুর সন্ধান মিলবে।
কিন্তু নমুনা পরীক্ষা করতেই বদলে যায় গোটা ছবিটা। তামার সন্ধান না মিললেও মাটির গভীর থেকে উঠে আসে আরও গুরুত্বপূর্ণ এক প্রমাণ—ডাইনোসরের জীবাশ্ম। পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পারেন, জীবাশ্মটির বয়স আনুমানিক ১১.৫ কোটি বছর।
এই আবিষ্কারের ফলে ইনার মঙ্গোলিয়ার প্রাগৈতিহাসিক প্রাণিজগতের ইতিহাস নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে গবেষকদের। কারণ, ওই অঞ্চলে এর আগে ডাইনোসরের অস্তিত্বের এমন প্রমাণ পাওয়া যায়নি। ফলে নতুন আবিষ্কারটি সংশ্লিষ্ট এলাকার প্রাচীন পরিবেশ ও প্রাণীজগত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
সাধারণত ডাইনোসরের জীবাশ্মের সন্ধানে গবেষকেরা এমন ভূস্তর বেছে নেন, যেখানে কোটি কোটি বছর আগের পাথর ও মাটির স্তর উপরিস্তরের কাছাকাছি রয়েছে। সেখানেই জীবাশ্ম খোঁজার কাজ চালানো হয়। কিন্তু এবার মাটির প্রায় ১,৫০০ ফুট গভীর থেকে ডাইনোসরের জীবাশ্মের সন্ধান মেলায় বিজ্ঞানীদের কাছেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই আবিষ্কারটি ডাইনোসরের সন্ধানে পরিচালিত কোনও অভিযানের ফল নয়। সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে—মাটির তলায় তামার সন্ধান করতে গিয়ে আচমকাই সামনে আসে সাড়ে ১১ কোটি বছরের পুরনো এই জীবাশ্ম। ফলে আপাতদৃষ্টিতে ব্যর্থ খনিজ অনুসন্ধানই শেষ পর্যন্ত বিজ্ঞানীদের হাতে তুলে দিল প্রাগৈতিহাসিক পৃথিবীর এক গুরুত্বপূর্ণ সূত্র।
আরও পড়ুন,
হরমুজে মার্কিন অত্যাধুনিক ডুবোযান বাজেয়াপ্তের দাবি ইরানের, কী বলে ব্যাখ্যা ওয়াশিংটনের

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.