ফের শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা! আউটডোর শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন বাংলার এক টেকনিশিয়ান। ম্যাডক ফিল্মসের আগামী ছবি ‘মিশন মির্চি’র শুটিং চলাকালীন সিকিমের গ্যাংটকে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৪৬ বছর বয়সি টেকনিশিয়ান পিন্টু মণ্ডলের। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক কর্মী। এই খবর সামনে আসতেই বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি আবারও প্রশ্নের মুখে পড়েছে শুটিং ইউনিটের নিরাপত্তা ব্যবস্থা।
জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর শুটিংয়ের লোকেশন পরিবর্তনের জন্য গাড়িতে করে যাচ্ছিলেন ইউনিটের কয়েকজন সদস্য। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন কলকাতার বাসিন্দা লাইট টেকনিশিয়ান পিন্টু মণ্ডল এবং ৩৬ বছর বয়সি বাবর আলি মোল্লা। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি পিন্টুর। ১৭ নভেম্বর সকালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, ‘লাইট অ্যান্ড লাইট’ সংস্থার অধীনে কাজ করতেন পিন্টু। ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘মিশন মির্চি’ ছবির শুটিংয়ের জন্য কলকাতা থেকে সিকিমে গিয়েছিলেন তিনি। ছবিটির প্রযোজক সঞ্জীব মিশ্র এবং পরিচালক কুণাল দেশমুখ। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বিজয় বর্মা ও জয়দীপ আহলাওয়াত। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক এবং সংলগ্ন এলাকায় শুটিংয়ের পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু তার মাঝেই ঘটে গেল এমন মর্মান্তিক দুর্ঘটনা।
পিন্টুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ শুটিং ইউনিটের সদস্যরা। তবে এই ঘটনার পরেও শুটিংয়ের কাজ চলতে থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে যাতায়াত, যানবাহনের নিরাপত্তা এবং কলাকুশলীদের সুরক্ষা কতটা নিশ্চিত করা হচ্ছে, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
উল্লেখ্য, চলতি বছরেই তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পর টলিউডে শুটিংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালুর দাবি উঠেছিল। শুটিং সেটে শিল্পী থেকে শুরু করে টেকনিশিয়ান, প্রত্যেকের সুরক্ষার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছিলেন অনেকে।

কিন্তু রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের এক টেকনিশিয়ানের অকালপ্রয়াণ। পিন্টু মণ্ডলের মৃত্যুর পর আরও একবার সামনে এল শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। দুর্ঘটনার পর মৃত টেকনিশিয়ানের পরিবারের পাশে প্রযোজনা সংস্থা দাঁড়াবে কি না, আর্থিক সাহায্য করা হবে কি না, সেই বিষয়েও এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ঘোষণা সামনে আসেনি। ফলে একদিকে যেমন প্রিয় সহকর্মীকে হারিয়ে শোকাহত টেকনিশিয়ান মহল, অন্যদিকে তেমনই শুটিংয়ের নিরাপত্তা ও কর্মীদের সুরক্ষা নিয়ে উঠছে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.