বিগ বস বাংলার এবারের সিজনে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্ক। কখনও প্রেম, কখনও অভিমান, আবার কখনও ঝগড়া—সব মিলিয়ে দর্শকদের নজরের কেন্দ্রবিন্দুতে ছিল এই জুটি। রিয়েলিটি শোয়ের ঘরে তাঁদের সম্পর্ক নিয়ে যতটা চর্চা হয়েছে, ততটাই কৌতূহল তৈরি হয়েছে শোয়ের বাইরে তাঁদের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল প্রযোজক রাণা সরকারের একটি ফেসবুক পোস্ট।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রাণা সরকার লেখেন, ‘রাজবীর নন্দিনীর বিয়ে হলে মানুষ বেশি খুশি হবে? নাকি ওদের জুটির সিনেমা হলে?’ আর এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা। তাহলে কি সত্যিই রাজবীর ও নন্দিনীকে নিয়ে সিনেমা তৈরির পরিকল্পনা করছেন প্রযোজক? নাকি শুধুই দর্শকদের মতামত জানতে চেয়েছেন তিনি? যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
রাণার পোস্টে অধিকাংশ নেটিজেনই জানিয়েছেন, তাঁরা রাজবীর-নন্দিনীকে একসঙ্গে সিনেমায় দেখতে চান। পাশাপাশি তাঁদের বিয়ের খবরেও আপত্তি নেই অনুরাগীদের। তবে একজন মন্তব্য করেছেন, বিয়ে জীবনের অনেক বড় সিদ্ধান্ত। তাই বিগ বসের ঘর থেকে বেরিয়ে দু’জনের আরও কিছুদিন একে অপরকে চেনা ও বোঝা উচিত। আপাতত একসঙ্গে সিনেমায় কাজ করতেই পারেন তাঁরা। যদিও ওই নেটিজেনের মতে, অনস্ক্রিন জুটি হিসেবে রাজবীর ও সৃজলাকে বেশি মানাবে।
অন্যদিকে, বিয়ে নিয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন নন্দিনী। তাঁর বক্তব্য, বিগ বসের ঘরের বাইরে রাজবীরের সঙ্গে অন্তত কয়েক বছর সময় না কাটিয়ে বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন। অর্থাৎ, পর্দার বাইরের সম্পর্ককে আরও সময় দিতে চান তিনি।
তবে রাজবীরের ভাবনাচিন্তা কিছুটা আলাদা বলেই মনে হয়েছে দর্শকদের। বিগ বসের ঘরে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনের সময় রাজবীর জানিয়েছিলেন, শো থেকে বেরিয়েই নন্দিনীকে নিজের শিলিগুড়ির বাড়িতে নিয়ে যেতে চান তিনি। এমনকী, পারিবারিক সপ্তাহে মায়ের সঙ্গে দেখা হওয়ার সময়ও নন্দিনীকে পরিবারের পছন্দ হয়েছে কি না, তা বারবার জানতে চেয়েছিলেন রাজবীর।
উল্লেখ্য, বিগ বসের ঘরে রাজবীরের সঙ্গে ঝামেলা ও হাতাহাতির ঘটনার জেরে শো ছাড়তে হয়েছিল নন্দিনীকে। তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু শো থেকে বেরিয়ে যাওয়ার পরেও রাজবীরের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে নন্দিনীকে।

সব মিলিয়ে রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহ যে এখনও কমেনি, তা স্পষ্ট রাণা সরকারের পোস্টে পাওয়া প্রতিক্রিয়া থেকেই। এবার দেখার, এই জনপ্রিয় জুটিকে সত্যিই কি বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে? নাকি তাঁদের সম্পর্কের পরবর্তী অধ্যায় এগোবে বিয়ের দিকে? আপাতত উত্তর অধরা, তবে জল্পনা তুঙ্গে!

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.