সোশ্যাল মিডিয়া খুললেই কানে ভেসে আসছে একটি গান। ইনস্টাগ্রাম রিল থেকে শুরু করে ফেসবুক স্ট্যাটাস, সর্বত্রই এখন জনপ্রিয় ‘দিলরুবা দিলনশিন’ (Dilruba Dilnasheen)। মিষ্টি সুর, রেট্রো-পপের আবহ এবং প্রেমের মায়াবী অনুভূতিতে শ্রোতাদের মন জয় করেছে গানটি। কিন্তু জানেন কি, এই গানের গায়ক একসময় জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তেও জায়গা করে নিতে পারেননি! আজ সেই গায়কই জনপ্রিয়তার শিখরে। তিনি অরুণাচল প্রদেশের প্রতিভাবান শিল্পী রিতো রিবা।
অরুণাচল প্রদেশের পাসিঘাটে জন্ম রিতো রিবার। ছোটবেলায় মায়ের মুখে লোকগান শুনেই সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তাঁর। কোনও প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর কাছে প্রথাগত তালিম নেননি তিনি। নিজের চেষ্টাতেই গানের জগতে পথ চলা শুরু। ২০১৪-১৫ সাল নাগাদ ইউটিউবে বিভিন্ন জনপ্রিয় গান গেয়ে আপলোড করতেন রিতো। ধীরে ধীরে নিজেই গান লেখা এবং সুর তৈরি করতে শুরু করেন। জনপ্রিয়তা পেলেও নিজের সংস্কৃতি ও শিকড়কে ভুলে যাননি এই গায়ক। ২০২৫ সালে নিজের মাতৃভাষা গালোতে ‘নেটিভ নোটস’ নামে পাঁচটি গানের একটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।
২০২২ সালে ‘ইন্ডিয়ান আইডল ১৩’-এর অডিশনে অংশ নেন রিতো। সেখানে নিজের লেখা ও সুর করা ‘হীর রাঞ্ঝা’ গানটি পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করেন। পেয়েছিলেন গোল্ডেন টিকিটও। কিন্তু থিয়েটার রাউন্ডে গিয়ে থেমে যায় তাঁর যাত্রা। সেরা ১৫ প্রতিযোগীর তালিকায় জায়গা হয়নি তাঁর। তবে সেই ব্যর্থতাকে নিজের জীবনের শেষ বলে মেনে নেননি রিতো। পরবর্তী সময়ে ‘প্লে ডিএমএফ’ মিউজিক লেবেল থেকে প্রকাশিত হয় তাঁর জনপ্রিয় গান ‘হীর রাঞ্ঝা’। শিবাঙ্গী জোশী এবং রোহিত খান্ডেলওয়াল অভিনীত গানটির মিউজিক ভিডিয়ো বিপুল জনপ্রিয়তা পায়। ইউটিউবে কোটি কোটি ভিউ অর্জন করে সেটি।
এরপর ‘মেরি বনোগি ক্যা’, ‘ইক তু হি হ্যায়’, ‘বাস তেরা’ এবং ‘ইবাদাতেঁ’-র মতো গানেও শ্রোতাদের মন জয় করেন তিনি। এমনকী জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গেও ‘পেয়ার আতা হ্যায়’ গানে কণ্ঠ দিয়েছেন রিতো। সেই মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছিল ঈশান খট্টর ও তারা সুতারিয়াকে। ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রকাশিত হয় রিতো রিবার পাঁচটি গানের অ্যালবাম ‘দিলফেক’। এই অ্যালবামের অন্যতম গান ‘দিলরুবা দিলনশিন’। বাকি গানগুলি হল ‘মখমলি’, ‘জোগানিয়া’, ‘জখমি’ এবং ‘জিকর হো’।
ইন্ডি-পপ, রেট্রো-পপ, রাজস্থানী লোকসুর এবং উর্দু শব্দের মেলবন্ধনে তৈরি ‘দিলরুবা দিলনশিন’ ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘দ্য বেটার ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ১৬ ও ২০ নভেম্বর শাজাম ইন্ডিয়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছিল গানটি। অন্যদিকে, ১৬ নভেম্বর স্পটিফাই ইন্ডিয়ার ডেইলি চার্টে চতুর্থ স্থানে থাকলেও ১৭ নভেম্বর উঠে আসে দ্বিতীয় স্থানে।
ইউটিউবেও গানটির জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইতিমধ্যেই ২ কোটিরও বেশি ভিউ অতিক্রম করেছে এই গান।

একসময় যে রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে বাদ পড়তে হয়েছিল, আজ সেই ব্যর্থতাকে পিছনে ফেলে নিজের প্রতিভার জোরেই পরিচিতি তৈরি করেছেন রিতো রিবা। তাঁর এই সাফল্য যেন আরও একবার প্রমাণ করে, একটি মঞ্চে সুযোগ না পেলেই প্রতিভার পথ থেমে যায় না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.