গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা রাজেশ শর্মা। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। দীর্ঘদিন ধরে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করার সুবাদে রাজেশের সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। অভিনেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অক্ষয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে অক্ষয় লেখেন, শুটিং চলাকালীন পোকার কামড়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজেশ শর্মা আক্রান্ত হয়েছেন বলে শুনে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। একই সঙ্গে ঈশ্বরের কাছে অভিনেতার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার প্রার্থনাও করেন তিনি। আবেগঘন বার্তায় অক্ষয় আরও লেখেন, “তাড়াতাড়ি সেরে ওঠ ভাই, এখনও একসঙ্গে বসে অনেক মজা করা বাকি আছে।”
এর আগে প্রযোজক এবং সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, বিষাক্ত মাকড়সার কামড়ের জেরেই রাজেশের শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়েছে। সেই খবর সামনে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। তবে পরে অভিনেতার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দেন।
শুভাশিসের বক্তব্য, হায়দরাবাদে শুটিং চলাকালীন রাজেশের সঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি। তিনি বৃহস্পতিবার কলকাতায় ফেরেন এবং রবিবার থেকেই আচমকা তাঁর পায়ে সংক্রমণ দেখা দেয়। তবে সেই সংক্রমণের কারণ কোনও পোকার কামড় নয়। শুভাশিস জানান, দীর্ঘদিনের উচ্চ রক্তশর্করার সমস্যার কারণেই সংক্রমণ দ্রুত ছড়িয়েছে।
তাঁর কথায়, পা চুলকাতে গিয়েই সমস্যার সূত্রপাত হয় এবং সংক্রমণ শুধুমাত্র ত্বকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শরীরের ভিতরে কোনও ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েনি। ভুল তথ্যের জেরে অনেকেই অযথা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে আগের তুলনায় রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.