রাত পোহালেই চার হাত এক হবে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডু। আগামী ৯ মার্চ তাঁদের বিয়ের দিন ঠিক হয়েছে। সেই উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একের পর এক প্রাক-বিবাহের অনুষ্ঠান। তবে প্রচলিত মেহেন্দি অনুষ্ঠানকে পাশ কাটিয়ে বাঙালি ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে আলতা উৎসবের আয়োজন করে নজর কাড়লেন অনন্যা।
এই বিশেষ অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনন্যার দিদি অলোকানন্দা গুহ। রবিবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ‘বোনুর আলতা’ ক্যাপশন দিয়ে কয়েকটি ছবি পোস্ট করেন। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে কমেন্ট বক্স।
আলতা উৎসবের সাজসজ্জাতেও ছিল সাবেকি বাঙালিয়ানার ছোঁয়া। ফুল দিয়ে সাজানো মণ্ডপের চারপাশে আলতা মাখানো হাত ও পায়ের ছাপ দিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ নকশা। সেই পরিবেশেই টুকটুকে লাল শাড়িতে ধরা দেন হবু কনে অনন্যা। তাঁর শাড়িতেও ছিল বিশেষ কারুকাজ—পাড় জুড়ে আঁকা ছিল বর-কনের মুকুট ও পালকির নকশা, যা পুরো সাজকে আরও ঐতিহ্যবাহী করে তুলেছিল।
এই অনুষ্ঠানে অনন্যার সাজ ছিল একেবারেই আলাদা। তিনি শাড়ির সঙ্গে ব্লাউজ না পরে সাবেকি ঢঙে নিজেকে সাজিয়েছিলেন। ভারী গয়না, খোলা চুল এবং হাতে-পায়ে লাল আলতার রঙে তাকে দেখতে লাগছিল অত্যন্ত মিষ্টি ও আকর্ষণীয়। অন্যদিকে দিদি অলোকানন্দাও লাল শাড়িতে সেজে অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, আদরের বোনের পায়ে নিজ হাতে আলতা পরিয়ে দিচ্ছেন তিনি।
শুধু কনের পরিবারের সদস্যরাই নয়, এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবু বর সুকান্ত কুণ্ডুও। ফলে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও আনন্দময় ও স্মরণীয়।
তবে ছবিগুলি প্রকাশ্যে আসার পর যেমন অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই কিছু নেটিজেন আবার সমালোচনাও করেছেন। কেউ লিখেছেন, “আলতা পড়বে বুঝেছি, কিন্তু ব্লাউজ পরতে নেই?” আবার অনেকেই এই অনুষ্ঠানের প্রশংসা করে বলেছেন, “খুব ভালো লাগলো এই সাবেকি আলতা পর্ব। বাঙালিয়ানায় ভরা।” অন্য একজন লিখেছেন, “অপূর্ব সুন্দর লাগছে অনন্যা, তোমাকে দারুণ মানিয়েছে।”
প্রসঙ্গত, খুব অল্প বয়সেই প্রেমে পড়েছিলেন অনন্যা ও সুকান্ত। জানা যায়, ১৮ বছর বয়সের আগেই তাঁদের সম্পর্ক শুরু হয়। দীর্ঘদিনের সেই ভালোবাসাই এখন পরিণতি পেতে চলেছে বিয়েতে। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁদের আংটি বদল হয় এবং একই দিনে আশীর্বাদ অনুষ্ঠানও সম্পন্ন হয়। টলিউডের বহু পরিচিত মুখের উপস্থিতিতে সেই অনুষ্ঠান ছিল বেশ জমকালো।
এবার ২২ বছর বয়সেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অনন্যা। জানা গিয়েছে, তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ বাঙালি রীতি মেনেই হবে। সাজে থাকবে সাবেকি ছোঁয়া, আর খাবারের মেনুতেও থাকবে খাঁটি বাঙালি পদ।
পেশায় সুকান্ত একজন আইটি ইঞ্জিনিয়ার হলেও তিনি ইউটিউব জগতেও বেশ জনপ্রিয়। তিনি পরিচালনা করেন Lets Be Confused নামের একটি ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে ইতিমধ্যেই তিনি অনেক দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
সব মিলিয়ে, বিয়ের আগে আলতা উৎসবের এই সাবেকি আয়োজন যেন আবারও মনে করিয়ে দিল—আধুনিকতার মাঝেও বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্য আজও অমলিন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.