‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেপ্তারের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বাগেশ্বরধামের পীঠাধ্যক্ষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবার তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিধানসভায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে বক্তব্য রাখার সময়ই এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, হাওড়ার লিলুয়ায় বাগেশ্বর বাবা এসে রাষ্ট্রবাদ ও দেশপ্রেম নিয়ে নিজের বক্তব্য রেখেছেন। কেউ তাঁর বক্তব্য গ্রহণ করবেন কি না, সেটা ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি। তবে ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর বিষয়টি মেনে নেননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘ভবানীপুরে থানার সামনে তাঁর ছবি পুড়িয়েছে। আমি সিপি-কে বললাম, এই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে।’’

এর পাশাপাশি রাজ্যে ‘তোষণ’ নিয়ে বিরোধীদেরও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আর তোষণ চলবে না। এ রাজ্যে আর এ সব চলবে না।’’ রাজনৈতিক সমীকরণ নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

ঘটনার সূত্রপাত রবিবার হাওড়ার লিলুয়ার ‘হনুমান কথা’ অনুষ্ঠানে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে। নবরাত্রির সময় দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে আমিষ খাবার তৈরি ও বিক্রির বিষয়ে আপত্তি জানান তিনি। কলকাতার হিন্দুদের নবরাত্রির সময়ে এই ধরনের কাজের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বানও জানান বাগেশ্বর বাবা।

এমনকী, পুজোর সময়ে আমিষ খাওয়া নিয়ে যাঁরা আপত্তি করেন না, তাঁদের ‘পাখণ্ডি’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। এরপরই তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়। বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করতে শুরু করেন বঙ্গ বিজেপির নেতারা। তাঁর বক্তব্যের সরাসরি বিরোধিতা না করলেও দলের একাধিক নেতা প্রকাশ্যে নিজেদের আমিষ খাওয়ার পছন্দের কথা জানান।

আরও পড়ুন,
Bageshwar Baba: এক রাতের ঘটনাই বদলে দিয়েছিল জীবন, আসলে কে এই বাগেশ্বর বাবা?

অন্যদিকে, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। এবার তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর ঘটনায় মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের নির্দেশ নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক