বিগ বস বাংলা-র ঘরে প্রতিদিনই বদলে যাচ্ছে সমীকরণ। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জীতু কমল ও রাজবীর দে-র প্রবেশের পর থেকেই বাড়ছে উত্তেজনা। এবার ক্যাপ্টেন নির্বাচনের টাস্ক ঘিরে কার্যত তুমুল নাটকীয় পরিস্থিতি তৈরি হল। শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে নতুন ক্যাপ্টেনের মুকুট ছিনিয়ে নিলেন সোনামণি সাহা।
চলতি সপ্তাহের নমিনেশন তালিকায় রয়েছেন সায়ক চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাস, সৃজলা গুহ, দুর্নিবার সাহা, মনামী ঘোষ, নিরঞ্জন মণ্ডল এবং অ্যালেক্সজান্দ্রা টেলর। এর মধ্যেই ক্যাপ্টেন বেছে নিতে বিগ বসের তরফে দেওয়া হয় অভিনব টাস্ক।
টাকা লুটের টাস্কেই শুরু ধুন্ধুমার
টাস্কের নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের ডাকাতের ভূমিকায় থেকে গ্রামবাসীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে হয়। আর খেলা শুরু হতেই প্রকাশ্যে চলে আসে প্রতিযোগীদের মধ্যেকার দ্বন্দ্ব। টাকা কাড়াকাড়ির সময় ভরত কলের সঙ্গে রাজবীর দে-র ঝামেলা বাধে। ভরতের অভিযোগ, রাজবীর গায়ের জোর খাটিয়ে টাকা ছিনিয়ে নিয়েছেন। এরপর পরিস্থিতিতে জড়িয়ে পড়েন জীতু কমল ও নন্দিনী। প্রথমে রাজবীরের পাশে দাঁড়িয়ে নন্দিনীকে কটাক্ষ করতে দেখা গেলেও পরে জীতু ও রাজবীরের মধ্যেই শুরু হয় তুমুল বচসা। একে অপরকে পাল্টা আক্রমণ করতে থাকেন দু’জন।
মুকুট নিয়েই বাজিমাত সোনামণির
টাস্কের পর যাঁদের কাছে সবচেয়ে বেশি টাকা ছিল, তাঁদের নিয়েই শুরু হয় পরবর্তী পর্ব। বাগানে রাখা ছিল একটি মুকুট। নিয়ম ছিল, যে প্রতিযোগী সবার আগে মুকুটটি নিজের দখলে নিতে পারবেন, তিনিই হবেন এই সপ্তাহের ক্যাপ্টেন।
এখানেই অন্যদের থেকে আলাদা কৌশল নেন সোনামণি সাহা। গায়ের জোরে মুকুট দখলের চেষ্টা না করে সুযোগ বুঝে এক দৌড়ে মুকুটটি তুলে নেন তিনি। এরপর আর দেরি না করে সোজা বাথরুমে গিয়ে মুকুট নিয়ে লুকিয়ে পড়েন। ফলে অন্য প্রতিযোগীদের পক্ষে তাঁর কাছ থেকে মুকুটটি ছিনিয়ে নেওয়ার আর কোনও সুযোগই থাকল না। নির্দিষ্ট সময় শেষে ঘণ্টা বাজার পর বিগ বস ঘোষণা করেন, সোনামণি সাহাই হলেন নতুন ক্যাপ্টেন।
গায়ের জোরের বদলে বুদ্ধি ও উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সোনামণির এই কৌশল ইতিমধ্যেই নজর কেড়েছে। ক্যাপ্টেন নির্বাচনের টাস্কে তাঁর এমন চালে যে ঘরের সমীকরণে নতুন করে পরিবর্তন আসতে পারে, তা বলাই বাহুল্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.