Bigg Boss Bangla: বাথরুমে তুমুল ঝগড়া, রাজবীরকে ‘স্বার্থপর’ বললেন নন্দিনী! ভাঙল কি বন্ধুত্বের সমীকরণ?

Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’-র ঘরে ফের চড়ল উত্তেজনার পারদ। রাজনীতি টাস্ক শেষ হতে না হতেই বাথরুম এরিয়ায় রাজবীর দে, জীতু কমল, মনামী ঘোষ এবং নন্দিনী দত্তের মধ্যে শুরু হল তুমুল বচসা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রাজবীর ও নন্দিনীর সম্পর্কের সমীকরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনার সূত্রপাত রাজবীরকে ‘গুণ্ডা’ বলা নিয়ে। তাঁর অভিযোগ, অন্যরা যখন তাঁকে ‘গুণ্ডা’ বলে মন্তব্য করছিলেন, তখন দলের কেউ তাঁর হয়ে প্রতিবাদ করেননি। জীতুর দিকে প্রশ্ন ছুড়ে রাজবীর জানতে চান, তাঁকে যখন ‘গুণ্ডা’ বলা হয়েছিল, তখন জীতু কেন তাঁর পাশে দাঁড়াননি। জবাবে জীতু জানান, তাঁরা তখন ‘পার্টি’ করছেন। তবে জীতুর এই যুক্তিতে সন্তুষ্ট হননি রাজবীর। তাঁর পাল্টা বক্তব্য, তিনিও দলের কর্মী এবং প্রয়োজনের সময় তাঁকে দলের কাজে ব্যবহার করা হয়েছে।

এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আলোচনায় যোগ দেন নন্দিনী দত্ত (Nandini Dutta)। রাজবীরকে তিনি প্রশ্ন করেন, তাঁর কাছে নন্দিনীর গুরুত্ব বা প্রায়োরিটি কোথায়। জবাবে রাজবীর জানান, এই খেলায় তাঁর কাছে কারও কোনও প্রায়োরিটি নেই। সেই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে নন্দিনী তাঁকে ‘সেলফিশ’ অর্থাৎ স্বার্থপর বলে কটাক্ষ করেন। রাজবীরও পাল্টা জানান, এতে তাঁর কোনও আপত্তি নেই এবং তিনি এবার থেকে একাই খেলবেন। এই সময় মনামী ঘোষের মন্তব্যে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাঁর ইঙ্গিত, রাজবীর আদতে একা খেলছেন না; বরং তলে তলে দুর্নিবারের দলের সঙ্গে সমীকরণ তৈরি করেছেন। যদিও সেই অভিযোগ নিয়ে বিশেষ মাথা ঘামাতে দেখা যায়নি রাজবীরকে। তিনি কার্যত বিষয়টি এড়িয়ে যান।

তবে ঘরের ভিতরে এত অশান্তির পরেও বাইরে দলের প্রচারে রাজবীরের পক্ষেই কথা বলতে দেখা গিয়েছে জীতুকে। বিষয়টি নিয়ে দর্শকদের একাংশের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে সামনে রয়েছে ক্যাপ্টেন্সি টাস্ক। শোনা যাচ্ছে, নমিনেশনের হাত থেকে রাজবীরকে বাঁচাতে নন্দিনী তাঁকে সাহায্য করতে পারেন। যদিও শেষ পর্যন্ত তাঁদের সমীকরণ কোন দিকে যায় এবং ক্যাপ্টেন্সি টাস্কে নন্দিনী সত্যিই রাজবীরের পাশে দাঁড়ান কি না, সেটাই এখন দেখার।

‘বিগ বস বাংলা’-র এই মরশুমে ইতিমধ্যেই একাধিক ওয়াইল্ড কার্ড এন্ট্রি ও এলিমিনেশন হয়েছে। রাজবীর এবং জীতু ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করেছেন। অন্যদিকে, জয়িতা, অ্যালেক্সজান্দ্রা, সায়ক এবং সোহিনী পাল গেম থেকে বিদায় নিয়েছেন। নতুন করে ঘরে প্রবেশ করেছেন অনুষ্কা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’-র ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও মতবিরোধ, আবার কখনও জোট—সব মিলিয়ে প্রতিযোগীদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক