‘বিগ বস বাংলা’-র দুর্গে ফের এল বিদায়ের পালা। রবিবারের ‘দাদার দরবার’-এ দর্শকদের ভোটের ভিত্তিতে শো থেকে ছিটকে গেলেন তাপস পালের কন্যা সোহিনী পাল। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে দুর্গ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা জানাতেই আবেগঘন হয়ে ওঠে গোটা পরিবেশ। সোহিনীর বিদায়ে চোখের জল ধরে রাখতে পারেননি তনুশ্রী, ঝিলম-সহ একাধিক প্রতিযোগী।
সোহিনীকে পাশে নিয়ে সৌরভ বলেন, “তোমাকে আমি অনেক ছোট থেকে দেখেছি। আমার সন্তানসম। তুমি আমার খুব কাছের।” সৌরভের কথায় আবেগপ্রবণ হয়ে পড়েন সোহিনীও। তবে সোহিনীর বিদায়ের রেশ কাটতে না কাটতেই ‘বিগ বস বাংলা’-র ঘরে আসে নতুন চমক। একইদিনে দুর্গে প্রবেশ করেন অনুষ্কা ঘোষ। আর তাঁর প্রবেশের পরই যেন বদলে যায় ঘরের পরিবেশ।
দুর্গে ঢুকেই সকল প্রতিযোগীকে এক জায়গায় ডেকে নেন অনুষ্কা। কার আচরণ দর্শকদের চোখে কেমন, কার কোথায় পরিবর্তন প্রয়োজন—সরাসরি মুখের উপর তা জানিয়ে দেন তিনি। শুরুতেই তাঁর নিশানায় পড়েন নন্দিনী। জিতুকে ‘দাদা’ বলে সম্বোধন করায় নন্দিনী খোঁচা দিলে পালটা অনুষ্কা বলেন, “সবাই কি তোমার মতো প্রেম করতে এসেছে বাবু?” তাঁর এই মন্তব্য ঘিরে ঘরে তৈরি হয় নতুন উত্তেজনা।
শুধু নন্দিনীই নন, দুর্নিবার, ভরত কল, দীপেন্দু-সহ একাধিক প্রতিযোগীর ভালো-মন্দ নিয়েও নিজের মতামত জানান অনুষ্কা। এরপর সৃজলার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার প্রসঙ্গ তুলে ফের নন্দিনীকে আক্রমণ করেন তিনি। অনুষ্কার অভিযোগ, খেলায় ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল স্বীকার করাটাও জরুরি। তাঁর কথায়, “সৃজলার ঘটনায় তুমি ভুল করেছো তা মানোনি, অনুশোচনাই হয়নি।”
অন্যদিকে, রাজবীরকেও নিজের খেলার দিকে মন দেওয়ার পরামর্শ দেন অনুষ্কা। নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্কের প্রভাব খেলায় পড়ছে বলে মন্তব্য করে তিনি বলেন, “ওর জন্যই তোর খেলা নষ্ট হচ্ছে। কী বোকা তুই।”
ফলে সোহিনীর বিদায়ের দিনে একদিকে যেমন আবেগঘন হয়ে উঠল ‘বিগ বস বাংলা’র দুর্গ, অন্যদিকে অনুষ্কার প্রবেশে শুরু হল নতুন সমীকরণ। বিশেষ করে নন্দিনীকে ঘিরে তাঁর সরাসরি মন্তব্য আগামী দিনে ঘরে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.